মুম্বাইয়ে ছঠ পুজো নিয়ে চরম বিতর্ক! ক্ষোভে ফেটে পড়ে খেসারি লাল যাদব বললেন, “আমাদের কি কোনো মর্যাদা নেই?”

মুম্বাইয়ের সমুদ্র সৈকতে ছঠ পুজো উদযাপন নিয়ে তৈরি হওয়া বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। সমুদ্র সৈকতগুলোতে ছঠ পুজোর অনুমতি না দেওয়ার দাবিতে এমএনএস (মহারাষ্ট্র নবনির্মাণ সেনা) নেতাদের সোচ্চার হওয়ার পর থেকেই তীব্র রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। আর এই সংবেদনশীল পরিস্থিতিতে মুখ খুলে চরম ক্ষোভ প্রকাশ করলেন ভোজপুরি সিনেমার মেগাস্টার খেসারি লাল যাদব। সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ভিডিও শেয়ার করে তিনি প্রশ্ন তুলেছেন, বিহারীদের কি তবে কোনো মর্যাদাই নেই?

মুম্বাইয়ে ছঠ বিতর্ক ও খেসারির বিস্ফোরক মন্তব্য

সম্প্রতি মুম্বাইয়ের বিভিন্ন সমুদ্র সৈকতে মহোৎসবের আমেজে ছঠ পুজো পালনের অনুমতি দেওয়া নিয়ে আপত্তি তোলে এমএনএস। এমনকি যেসব জায়গায় ইতিমধ্যেই অনুমতি দেওয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করারও দাবি জানানো হয়। এই ঘটনা ঘিরেই মহারাষ্ট্র জুড়ে শুরু হয় জোর বিতর্ক।

এই পরিস্থিতিতে চুপ থাকতে পারেননি ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদব। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ভিডিও ও পোস্ট শেয়ার করে তিনি নিজের তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। আবেগতাড়িত কণ্ঠে খেসারি বলেন, “আমার মনে হয় আমাদের বিহারীদের কোনো মর্যাদা নেই।” একই সঙ্গে তিনি তীব্র ভাষায় প্রশ্ন তোলেন, ছঠ পুজো কি তবে হিন্দুদের উৎসব নয়? প্রতিবার কেন তাদের ধর্ম ও সংস্কৃতিকে নিশানা করে এমন পরিস্থিতি তৈরি করা হয়, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

ভোজপুরি তারকা সাংসদ ও তারকাদের প্রতি জোরালো আবেদন

এই বিতর্কের আবহে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ও ভোজপুরি ইন্ডাস্ট্রির চার হেভিওয়েট তারকা—পবন সিং, রবি কিষাণ, দিনেশ লাল যাদব ‘নিরহুয়া’ এবং মনোজ তিওয়ারির প্রতিও বিশেষ বার্তা দিয়েছেন খেসারি। উত্তর ভারত ও বিহারের মানুষের এই অপমান এবং তাদের নায্য অধিকার রক্ষার লড়াইয়ে এই তারকা-রাজনীতিবিদদেরও এগিয়ে এসে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন তিনি। ছঠের মতো পবিত্র মহোৎসব নিয়ে এই ধরনের রাজনীতি সাধারণ মানুষের মনে গভীর আঘাত হেনেছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

Pratik Saha
  • Pratik Saha