মুম্বই লোকাল ট্রেনে রোমহর্ষক কাণ্ড! চটি পেটার বদলা নিতে ২০ বছরের যুবতীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল ৫৩ বছরের লম্পট

ট্রেনের কামরায় কুৎসিতভাবে স্পর্শ করার প্রতিবাদ করাটাই কাল হলো এক কুড়ি বছরের তরুণীর! প্রতিবাদ করায় তাঁকে সচল লোকাল ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, ট্রেনের চাকায় পিষে থেঁতলে যাওয়ায় তরুণীর কনুইয়ের কাছ থেকে বাঁ হাত বাদ দিতে হয়েছে এবং মাথায় লেগেছে ১৬টি সেলাই। মুম্বইয়ের লোকাল ট্রেনে ঘটে যাওয়া এই লোমহর্ষক ঘটনায় ইতিমধ্যেই ৫৩ বছরের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠিক কী ঘটেছিল গত ৪ নভেম্বর?
পুলিশ ও ভুক্তভোগী তরুণীর বয়ান অনুযায়ী, গত ৪ নভেম্বর বোরিভলি থেকে একটি লোকাল ট্রেনে চড়েছিলেন ওই ২০ বছরের যুবতী। অভিযোগ, ট্রেনের কামরায় ভিড়ের সুযোগ নিয়ে ৫৩ বছরের এক ব্যক্তি তাঁকে বারবার আপত্তিকরভাবে স্পর্শ করতে শুরু করেন। প্রথমে বিষয়টিকে ভিড়ের মাঝে সাধারণ ধাক্কাধাক্কি বলে মনে করলেও, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আর চুপ থাকেননি তরুণী।
সাহসী ওই তরুণী সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ওই ব্যক্তিকে সরাসরি প্রশ্ন করেন, ‘‘আপনি কী করছেন? আপনার বাড়িতে কি মা-বোন নেই?’’ এই কথা বলার পরই দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। রাগের বশে নিজের পায়ের চটি খুলে ওই ব্যক্তিকে মারেন তরুণী। পাল্টা অভিযুক্তও তাঁকে চটি দিয়ে পেটাতে শুরু করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।
ট্রেনের ফাঁকা জায়গা থেকে সোজা রেললাইনে!
কামরায় উপস্থিত অন্য যাত্রীরা গন্ডগোল থামানোর চেষ্টা করলেও কাজ হয়নি। ট্রেনটি যখন নায়গাঁও স্টেশনে এসে পৌঁছয়, তখনো দু’জনের মধ্যে কথা কাটাকাটি চলছিল। অভিযোগ, সেই সুযোগেই ওই লম্পট ব্যক্তি তরুণীকে চলন্ত ট্রেন থেকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দুই কামরার মাঝের খোলা অংশ দিয়ে সোজা রেললাইনের ওপর গিয়ে পড়েন তিনি।
এরপরেই নেমে আসে চরম ভয়াবহতা। রক্তাক্ত অবস্থায় তরুণী যখন কোনোমতে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন, ঠিক তখনই ট্রেনটি ফের চলতে শুরু করে। ট্রেনের চাকায় তাঁর বাঁ হাতটি সজোরে আটকে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর জীবন বাঁচাতে কনুইয়ের কাছ থেকে বাঁ হাতটি কেটে বাদ দিতে বাধ্য হন। পাশাপাশি মাথায় মারাত্মক জোট লাগায় ১৬টি সেলাই পড়েছে।
পুলিশের জালে অভিযুক্ত
প্রাথমিক পর্যায়ে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে মনে করা হলেও, পরবর্তীতে তরুণীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে রেল পুলিশ। স্টেশনের সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধান পায় তারা। ধৃত ওই ব্যক্তির নাম জিতেন্দ্র গিরজাপ্পা হিরমুখে (৫৩), সে নায়গাঁও ইস্টের বাসিন্দা। গত ৯ নভেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে খুনের চেষ্টার ধারাসহ একাধিক কঠোর আইনি ধারা যুক্ত করেছে।