মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্যি করে মন্দারমণিতে কড়া পদক্ষেপ! রাতের অন্ধকারে বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিল পুলিশ

কোনওরকম বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না—মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই কড়া বার্তার পরই গোটা রাজ্যজুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান শুরু হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় সমুদ্র সৈকত মন্দারমণিতে রাতের অন্ধকারে চলা একটি অবৈধ হোটেল নির্মাণ কঠোর হাতে দমন করল পুলিশ ও স্থানীয় প্রশাসন। রাতেই এলাকাবাসী এবং পুলিশের যৌথ তৎপরতায় বন্ধ করে দেওয়া হয়েছে বেআইনি রিসোর্ট তৈরির কাজ এবং এই ঘটনায় মোট ৭ জনকে আটক করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই মন্দারমণি সৈকত এলাকায় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বেআইনি নির্মাণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। সমুদ্র তীরবর্তী এলাকার পরিবেশ আইন লঙ্ঘন করে একের পর এক হোটেল ও রিসোর্ট গড়ে ওঠার অভিযোগ তুলে বহুবার সরব হয়েছেন তাঁরা। এর আগেও পুলিশ প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন এলাকাবাসী। এমন পরিস্থিতিতে বুধবার গভীর রাতে মন্দারমণি থানা এলাকার শিলামপুর মৌজায় সম্পূর্ণ বেআইনিভাবে ‘সুইট ফ্যান্টাসি রিসোর্ট’ নামের একটি হোটেল তৈরির কাজ শুরু হয়। অভিযোগ, সমুদ্র সৈকত থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে এই অবৈধ নির্মাণটি গড়ে তোলা হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ এড়াতে সম্পূর্ণ চতুরতার সঙ্গে রাতের অন্ধকারে এই নির্মাণকাজ চালানোর পরিকল্পনা করা হয়েছিল। এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকা থেকে বালি, সিমেন্ট ও অন্যান্য নির্মাণসামগ্রী প্রস্তুত করে রাতের বেলায় তা গোপনে এনে কংক্রিটের কাজ চালানো হচ্ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা আগে থেকেই তক্কে তক্কে ছিলেন। গভীর রাতে অবৈধ নির্মাণকাজের তীব্র আওয়াজ ও তৎপরতা টের পেয়ে তাঁরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে রাত বারোটা নাগাদ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। সাধারণ মানুষের এই ত্বরিত পদক্ষেপে টনক নড়ে প্রশাসনের।
খবর পাওয়ার পরই রাত আড়াইটে নাগাদ মন্দারমণি থানার একটি বিশেষ পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ সেখানে পৌঁছে অবৈধ নির্মাণকাজ হাতেনাতে বন্ধ করে দেয় এবং ঘটনাস্থল থেকে ৭ জন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এই প্রসঙ্গে যুব মোর্চার সাধারণ সম্পাদক (রামনগর ৪ মণ্ডল) বিশ্বজিৎ বারিক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারের পরিবর্তনের পরেও একশ্রেণির তোলবাজরা এখনও বেআইনিভাবে তোলা তুলে এই কাজ চালিয়ে যাচ্ছে। আমরা শুভেন্দুবাবুর কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি, যারা এই ধরনের অবৈধ নির্মাণ তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হোক।”