অধ্যক্ষের অফিসে ভাঙচুর, উপাধ্যক্ষকে ডাক স্বাস্থ্য ভবনে! মেডিক্যাল কলেজ কাণ্ডে নয়া মোড়

কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের ঘটনার পর প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এই ঘটনায় এবার কলকাতা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, কলেজে ভাঙচুর ও অশান্তির ঘটনার প্রেক্ষিতেই উপাধ্যক্ষকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। এর আগেই ঘটনার তদন্ত ও পদক্ষেপের দাবিতে প্রাথমিকভাবে ডেপুটি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের অধ্যক্ষ।

বর্তমানে অধ্যক্ষের অফিস এবং কলেজের বাইরের অংশে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং হিসেব কষার চেষ্টা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ জানার পর পুলিশের কাছে আরও একটি অভিযোগ দায়ের করা হবে।