মাসের শেষে ফের আবহাওয়ায় বড় বদল! সপ্তাহান্তে কোন কোন জেলায় দুর্যোগের কালো মেঘ?

অগাস্টের শেষের দিকে এসে ফের নিম্নচাপের মুখোমুখি হচ্ছে বাংলা। শুক্রবারেও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় কোথাও হালকা তো কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ থাকবে মেঘলা। সেই সঙ্গে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি চরম ভোগাবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূমে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, কলকাতার বাসিন্দাদের জন্য ভারী বৃষ্টির কোনো সতর্কতা না থাকলেও স্বস্তির খবর নেই। রাজ্যের রাজধানীতে আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভ্যাপসা গরম ও গুমোট আবহাওয়া থেকে এখনই রেহাই মিলছে না।

উত্তরবঙ্গের আবহাওয়াতেও রয়েছে দুর্যোগের ঘনঘটা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, মালদা এবং দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।