মায়ের পেটেই ২৫ সপ্তাহের ভ্রূণে সফল অস্ত্রোপচার! চিকিৎসা বিজ্ঞানে ঐতিহাসিক মাইলফলক গড়ল এইমস

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী ও অভূতপূর্ব সাফল্য অর্জন করল দেশের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)। ভারতে এই প্রথমবার মায়ের গর্ভে থাকাকালীন একটি ভ্রূণের শরীরে সফলভাবে অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা। মাত্র ২৫ সপ্তাহের ওই ভ্রূণের শরীরে থাকা জটিল জন্মগত ত্রুটি সারিয়ে অসাধ্য সাধন করেছেন এইমের চিকিৎসকরা, যা আগামী দিনে দেশের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গর্ভাবস্থায় নিয়মিত পরীক্ষার সময় ওই ভ্রূণের শরীরে একটি মারাত্মক ত্রুটি ধরা পড়েছিল। চিকিৎসকরা দেখতে পান যে শিশুটির শিরদাঁড়ায় জটিল সমস্যা রয়েছে। ডাক্তারি পরিভাষায় যাকে ‘মাইলোমেনিনগোসিলি’ (Myelomeningocele) বলা হয়। এই ধরনের জন্মগত ত্রুটির কারণে শিরদাঁড়ার কিছুটা অংশ এবং তার সুরক্ষামূলক আবরণ মেরুদণ্ডের ছিদ্রের বাইরে বেরিয়ে আসে। সাধারণত জন্মের পর এই ধরনের ত্রুটি সারাতে অপারেশন করতে হয়, তবে অনেক ক্ষেত্রেই স্নায়ুর মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

এই জটিল পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকরা অত্যন্ত ঝুঁকি নিয়েই ‘ওপেন ফিটাল সার্জারি’ (Open Fetal Surgery) করার সিদ্ধান্ত নেন। নিখুঁত ও সতর্ক এই অস্ত্রোপচারের মাধ্যমে মায়ের গর্ভের ভেতরেই ভ্রূণের ত্রুটি সংশোধন করা হয়। চিকিৎসা মহলের মতে, ভারতে ভ্রূণ দশায় এ ধরনের ওপেন সার্জারি এর আগে সফলভাবে সম্পন্ন হওয়ার ঘটনা বিরল। এই ঐতিহাসিক সাফল্যের ফলে দেশের চিকিৎসকরা প্রমাণ করলেন যে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে জটিল থেকে জটিলতর রোগও এখন নিরাময় করা সম্ভব।