মাধ্যমিকের মাঝেই রণক্ষেত্র স্কুল! মোবাইল নিয়ে প্রশ্ন করতেই পর্ষদ কর্তাকে বেধড়ক মার শিক্ষকদের

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন খাস বর্ধমানে নজিরবিহীন বিশৃঙ্খলা। পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল কেন বাজছে— এই প্রশ্ন করায় খোদ স্কুল পরিদর্শককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শিক্ষকদের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার আঝাপুর হাইস্কুলের এই ঘটনায় এবার চরম পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলের প্রধান শিক্ষক ও গ্রুপ-ডি কর্মীসহ মোট ৮ জনকে সাসপেন্ড করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত সোমবার ইংরেজি পরীক্ষা চলাকালীন। পর্ষদের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কয়েকজন আধিকারিক ছাড়া কারও মোবাইল ব্যবহারের অনুমতি নেই। অভিযোগ, পরীক্ষা চলাকালীন এক শিক্ষকের ফোন বেজে উঠলে ভেন্যু ইনচার্জ প্রশান্ত কবিরাজ প্রতিবাদ করেন। তখনই সাত-আটজন শিক্ষক তাঁর ওপর চড়াও হন। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার তদন্তে নেমে জেলা মনিটরিং কমিটি ও পর্ষদ জানতে পেরেছে, প্রমাণ লোপাটের জন্য সিসিটিভি ফুটেজও মুছে ফেলা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও প্রাক্তন ছাত্ররা। পর্ষদ জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়া স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।