মাত্র ৫ ম্যাচে ৩৬১ রান, টুর্নামেন্টের সেরা হয়েই বাবা বীরেন্দ্রর হাত ধরে কার আশীর্বাদ নিতে পৌঁছলেন সেহওয়াগ-পুত্র?

ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের নায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের পুত্র আর্যবীর সেহওয়াগ ফাইনালে পাকিস্তানকে পরাস্ত করার পর এবার বাবা বীরেন্দ্র সেহওয়াগ এবং ছোট ভাই বেদান্তকে সঙ্গে নিয়ে ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রীর সঙ্গে দেখা করতে বাগেশ্বর ধামে উপস্থিত হলেন। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হওয়ার পর পরিবারের সকলকে নিয়ে আধ্যাত্মিক গুরুর আশীর্বাদ নিতে যান তিনি। বাঘেশ্বর ধামের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে এই সাক্ষাতের তিনটি ছবি ও মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

প্রথাগত অভ্যর্থনার অংশ হিসেবে সেহওয়াগ পরিবারকে হলুদ ধর্মীয় উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এরপর আর্যবীর ও বেদান্ত ধীরেন্দ্র শাস্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আধ্যাত্মিক আলোচনায় অংশ নেন। এই বিশেষ মুহূর্তের ছবিগুলির ক্যাপশনে হিন্দি প্রবাদ—‘হোনহার বিরওয়ান কে হোত চিকনে পাত’ উল্লেখ করে বলা হয়েছে যে, বীরেন্দ্র সেহওয়াগের পুত্র আর্যবীর নিজের প্রতিভার জোরে ছোটবেলা থেকেই দুর্দান্ত সাফল্যের পরিচয় দিচ্ছেন। পূজ্য সরকার আর্যবীরকে জীবনের পথে সর্বদা অবিচল থাকা এবং কর্তব্যপরায়ণ হওয়ার বিশেষ আশীর্বাদ প্রদান করেছেন। এই আবেগঘন ও পবিত্র মুহূর্তে পুরো সেহওয়াগ পরিবার উপস্থিত থেকে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেন।

এর আগে পাকিস্তানের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের পর আর্যবীর যখন তাঁর বাবা বীরেন্দ্র সেহওয়াগকে ভিডিও কল করেছিলেন, সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে আর্যবীরকে বলতে শোনা যায় যে, ফাইনাল ম্যাচের শেষ ওভারের টানটান উত্তেজনার মুহূর্তে ডাগআউটে বসে তিনি ক্রমাগত ‘সীতারাম-সীতারাম’ জপ করছিলেন। তিনি স্বীকার করেন যে ফাইনালে প্রচুর স্নায়ুচাপ কাজ করছিল, কিন্তু ঈশ্বরের ওপর তাঁর অগাধ বিশ্বাসই তাঁকে জয় এনে দিয়েছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করে গর্বিত বাবা বীরেন্দ্র সেহওয়াগ লিখেছিলেন, ‘‘কিছু মুহূর্ত যেকোনো ট্রফি বা রানের থেকেও অনেক বড়। একজন বাবা হিসেবে এই স্মৃতিগুলো আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি।’’

চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন আর্যবীর সেহওয়াগ। টুর্নামেন্টের ৫টি ম্যাচে তিনি সর্বাধিক ৩৬১ রান সংগ্রহ করেছেন। এই অসাধারণ পারফরম্যান্সের সময় তাঁর ব্যাটিং গড় ছিল চোখ ধাঁধানো ৯০.২৫। পুরো টুর্নামেন্টে ১টি শতরান এবং ৩টি বিধ্বংসী অর্ধশতরান হাঁকিয়ে তিনি নিজের জাত চিনিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে মহাথ্রিলারের ফাইনালে ৬১ বলে ৫৬ রানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করার পথ প্রশস্ত করেছিলেন এই তরুণ তারকা। শেষ বল পর্যন্ত গড়ানো এই ঐতিহাসিক ম্যাচ জয়ের পর থেকেই বিশ্ব ক্রিকেটে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্যবীর।