বিলাসবহুল জীবন নয়, বাস্তব চেনাতে এ কোন কঠিন পাঠ পড়ালেন বাবা? নেটদুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল মুহূর্ত

নে থ্রি-টিয়ার এসি (3AC) কামরায় সফর করেও অস্বস্তি প্রকাশ করেছিল ছোট্ট ছেলে। সাধারণত প্রথম বা দ্বিতীয় শ্রেণির কামরায় যাতায়াত করায় 3AC-এর পরিবেশ তার পছন্দ হয়নি। কিন্তু ছেলের এই অভিযোগে বিরক্ত না হয়ে অন্যভাবে তাকে জীবনের মূল্যবোধ শেখানোর সিদ্ধান্ত নিলেন বাবা। ছেলেকে নিয়ে পৌঁছে গেলেন ট্রেনের জেনারেল কামরায়। সেখানে যাত্রীদের ভিড়, বসার জায়গার অভাব এবং সাধারণ মানুষের যাত্রার অভিজ্ঞতা নিজের চোখে দেখল খুদে। বাবার এই অভিনব অভিভাবকত্বের কৌশলই এখন নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ওই ব্যক্তি। সেখানে দেখা যাচ্ছে, ছেলেকে নিয়ে তিনি ট্রেনের জেনারেল কামরায় ঢুকেছেন। কামরার ভিতরে প্রচুর যাত্রী। কেউ আসনে বসে রয়েছেন, কেউ শুয়ে আছেন মেঝেতে, আবার কেউ কামরার প্রবেশপথ বা ভেস্টিবিউল এলাকায় জায়গা করে নিয়েছেন। সেই ভিড়ের মধ্যে দিয়ে ছেলেকে নিয়ে এগিয়ে যাচ্ছেন বাবা। 3AC এবং জেনারেল কামরার মধ্যে যে কতটা পার্থক্য, তা নিজের চোখে দেখার সুযোগ পেয়েছে ওই বাচ্চা ছেলেটি।

ভিডিয়োর ক্যাপশনে ওই ব্যক্তি জানিয়েছেন, দীপাবলির সময় তৎকালে টিকিট কাটায় এসি থ্রি টিয়ারের উপরের কোনও কামরার টিকিট তিনি পাননি। আর সেই কারণেই এসি থ্রি টিয়ারে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু তাঁর ছেলে সাধারণত ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস এসিতে গিয়েই অভ্যস্ত। সেই কারণে সে এসি থ্রি-টিয়ারে স্বচ্ছন্দ বোধ করছিল না। আর তাই তাকে জীবনের অন্য বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে জেনারেল কামরা দেখানোর সিদ্ধান্ত নেন তিনি।

বাবার বক্তব্য, তিনি সব সময় ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যে প্রত্যেক মানুষের জীবন সমান গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই সমান সম্মানের যোগ্য। কোনও জরুরি পরিস্থিতিতে আরাম বা স্বাচ্ছন্দ্যের চেয়ে পরিস্থিতিকে অগ্রাধিকার দেওয়া উচিত। তাঁর মতে, সময় এবং নীতির কারণে কেউ হয়তো জীবনে কম সুযোগ পান, কিন্তু তার অর্থ এই নয় যে তাঁদের জীবন অন্যদের তুলনায় কম মূল্যবান।

ছেলেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে চেয়েছেন ওই বাবা। তাঁর কথায়, পৃথিবীতে প্রত্যেকের চেয়ে ধনী কেউ রয়েছেন, আবার প্রত্যেকের চেয়ে দরিদ্রও কেউ রয়েছেন। তাই কারও মধ্যে শ্রেষ্ঠত্বের অহংকার বা নিজেকে ছোট ভাবার মানসিকতা থাকা উচিত নয়।

তিনি আরও লিখেছেন, ৩০০ বছর আগে কৃষকেরা সম্পদশালী ছিলেন, অন্যদিকে শ্রমজীবী শ্রেণিকে অনেক সময় পরিচারকের মতো দেখা হত। সময়ের সঙ্গে নীতি ও সামাজিক পরিস্থিতি বদলায়, ফলে ধনী ও দরিদ্রের সংজ্ঞাও পরিবর্তিত হয়। আগামী ১০০ বছর পরে সমাজের চেহারা কেমন হবে, তা কেউ জানে না। তাঁর মতে, পৃথিবীর প্রত্যেক মানুষই নিজের মতো করে অবদান রাখেন। ধনী হলেই কেউ বেশি জ্ঞানী হবেন, এমন কোনও নিশ্চয়তা নেই। তিনি এমন অনেক ধনী মানুষকে দেখেছেন, যাঁরা অর্থহীন কথা বলেন। আবার গ্রামের শিশুদের মধ্যেও অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় পেয়েছেন।

এক বাবার এই শিক্ষা দেওয়ার পদ্ধতি প্রশংসা কুড়িয়েছে ওই ভিডিও যাঁরা দেখেছেন তাঁদের মধ্যে। সব মিলিয়ে, একটি সাধারণ ট্রেন সফরকে ছেলের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার মুহূর্তে পরিণত করেছেন ওই বাবা। তাঁর বার্তা, আর্থিক অবস্থান বা যাতায়াতের শ্রেণি দিয়ে মানুষের মর্যাদা বিচার করা যায় না। প্রত্যেকের প্রতি সম্মান এবং নিজের অবস্থান নিয়ে বিনয়ী থাকাই আসল শিক্ষা।