মাটির বুকে স্পষ্ট টেনে নিয়ে যাওয়ার দাগ! দুর্গাপুরে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে দানা বাঁধছে রহস্য

দুর্গাপুরের বাঁকুড়া মোড় সংলগ্ন উড়ালপুলের নিচে রেলের গুডস শেডের কাছ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল পুরো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি যেখানে উদ্ধার হয়েছে, সেখান থেকে একটু দূরে থাকা এক মহিলার বাড়ির ভিতর থেকে দেহটি টেনেহিঁচড়ে বাইরে বের করে আনা হয়েছে বলে জোরালো অনুমান করা হচ্ছে। কারণ ঘটনাস্থল থেকে ওই বাড়ি পর্যন্ত মাটির ওপর স্পষ্ট টানার দাগ দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই লোমহর্ষক ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেলের গুডস শেডের কাছে একটি পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখে দ্রুত কোকওভেন থানায় খবর দেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় এক মহিলার অভিযোগ, ওই গুডস শেডের পাশের একটি বাড়ি থেকেই দেহটি টেনেহিঁচড়ে বাইরে আনা হয়েছে। এমনকি গুডস শেডের ওই ফাঁকা জায়গায় দীর্ঘদিন ধরে বেশ কিছু ট্রাক দাঁড় করিয়ে রাখা থাকে। স্থানীয়দের দাবি, একটি ট্রাক গত ১৫ দিন ধরে একই জায়গায় অচল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হলো, তাঁকে খুন করে দেহ এখানে ফেলে দেওয়া হয়েছে কি না, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক উচ্চপদস্থ কর্তা জানান, “আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছি। মৃত ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি ওই বাড়িতে কারা যাতায়াত করতেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদেরও তলব করা হয়েছে।” দেহটি পচাগলা অবস্থায় থাকায় মৃত্যুর সঠিক কারণ বা পরিচয় তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান, ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে। কোকওভেন থানার পুলিশ সমগ্র ঘটনাটির গভীরে গিয়ে তদন্ত চালাচ্ছে।