মাঝ নভেম্বরেই জাঁকিয়ে শীতের আমেজ! ঘন কুয়াশার চাদরে ঢাকা আসানসোল-রানিগঞ্জ শিল্পাঞ্চল

নভেম্বরের মাঝামাঝি এসেও সেভাবে শীতের দেখা মিলছিল না। তবে রবিবার সকালেই আবহাওয়ার মেজাজ বদলাতে শুরু করে। এদিন সকাল থেকেই শিরশিরে উত্তুরে হাওয়ার জেরে আসানসোল শিল্পাঞ্চলবাসীর মনে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় আসানসোল শহর থেকে শুরু করে রানিগঞ্জ, কুলটি এবং বার্নপুরের বিস্তীর্ণ এলাকা। যার ফলে সকালের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়।

বেলা বাড়ার পরেও কুয়াশার দাপট বজায় থাকে। দীর্ঘক্ষণ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পুরো শিল্পাঞ্চল। কম দৃশ্যমানতার কারণে ১৯ নম্বর জাতীয় সড়ক এবং জিটি রোডে যাতায়াতের সময় চালকদের চরম সতর্কতা অবলম্বন করতে দেখা যায়। দুর্ঘটনা এড়াতে ছোট-বড় সমস্ত যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করে। ভোর ও সকালের এই প্রতিকূল পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকেও বাড়তি নজরদারি রাখা হয়।

আজ রবিবার, ছুটির দিন হওয়ায় মানুষের ঘর থেকে বের হওয়ার প্রবণতা ছিল বেশি। তার ওপর আজ ছটপুজোর প্রথম অর্ঘ্য নিবেদনের দিন। ফলে সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন ঘাটে ও রাস্তায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। এই উৎসবের আনন্দের মাঝেই শীতের আমেজ এবং ঘন কুয়াশার এই অপূর্ব মেলবন্ধন আসানসোলের সকালকে সম্পূর্ণ এক অন্য রূপ দেয়। প্রকৃতির এই আকস্মিক রূপ পরিবর্তন এবং মনোরম আবহাওয়া দারুণভাবে উপভোগ করেছেন শহরবাসী।