প্রথম ইউরোভিশন এশিয়া জিতে ইতিহাস গড়ল ফিলিপিন্স! কোন জাদুতে বাজিমাত গায়িকা কারমেলের?

আন্তর্জাতিক সঙ্গীতের জগতে নতুন ইতিহাস তৈরি হলো। প্রথমবারের মতো আয়োজিত ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-র গ্র্যান্ড ফাইনালে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ফিলিপিন্স। থাইল্যান্ডের ব্যাংককে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হওয়া এই প্রতিযোগিতায় নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে প্রথম স্থান অধিকার করেছেন ফিলিপিন্সের জনপ্রিয় গায়িকা কারমেল। তাঁর গাওয়া ‘সুবরা-সুবরা’ গানটি শ্রোতাদের মন জয় করার পাশাপাশি বিচারকদেরও মুগ্ধ করেছে। ফিলিপিন্সের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি মোট ২১১ পয়েন্ট অর্জন করেন এবং এশীয় সংস্করণের প্রথম বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।
ভ্যারাইটির প্রতিবেদন সূত্রে জানা যায়, হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই প্রতিযোগিতায় ১৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে স্বাগতিক থাইল্যান্ডের ম্যাং এক্স দাউ। অন্যদিকে, ১৬৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করেছে ভিয়েতনামের টোক তিয়েন। এছাড়াও শীর্ষ পাঁচের মধ্যে নিজেদের জায়গা পাকা করেছে মালয়েশিয়া এবং লাওস। এশিয়ার প্রথম এই সংস্করণে কম্বোডিয়া, মঙ্গোলিয়া এবং দক্ষিণ কোরিয়াসহ মোট ১১টি দেশ অংশ নেয়। ইউরোপীয় সংস্করণের আদলেই জাতীয় জুরিদের স্কোর এবং দর্শকদের ভোটের ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ‘রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড’ ভোটের ব্যবস্থা, যেখানে বিশ্বের ১৮৩টি দেশ ও অঞ্চলের দর্শকরা ভোট দেওয়ার সুযোগ পান।
থাই টেলিভিশনের পরিচিত মুখ উডি মিলিনটাচিন্ডা এবং সিন্ডি বিশপের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করে। ইবিইউ সদস্য চ্যানেলগুলোর পাশাপাশি ইউরোভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এটি সরাসরি সম্প্রচার করা হয়। প্রতিযোগীদের পাশাপাশি থাই সুপারস্টার জেফ সাটুর এবং বুলগেরিয়ার তারকা দারা তাঁদের নজরকাড়া পরিবেশনার মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলেন। প্রতিযোগিতার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইউরোভিশনের ডিরেক্টর মার্টিন গ্রিন বলেন, “ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার প্রথম বিজয়ী হিসেবে কারমেল ও ফিলিপিন্স ইতিহাস গড়েছে। এটি গোটা অঞ্চলের সঙ্গীত প্রতিভা ও সংস্কৃতির এক অবিস্মরণীয় মিলনমেলা।”