মাঝসমুদ্রে ব্রহ্মোসের গর্জন! মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই বিদেশি শক্তির হাতে ঘাতক যুদ্ধজাহাজ তুলে দিচ্ছে ভারত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা ও সামুদ্রিক উত্তেজনার মাঝেই প্রতিরক্ষা কৌশলে বড় চাল চালল ভারত। আন্তর্জাতিক বাজারে নিজেদের আধিপত্য বাড়াতে এবার ‘নেক্সট জেনারেশন মিসাইল ভেসেল’ (NGMV) বন্ধু রাষ্ট্রদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে নয়াদিল্লি। ব্রহ্মোস সুপারসোনিক ক্রুজ মিসাইল সজ্জিত এই যুদ্ধজাহাজগুলো ভারত মহাসাগর থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে ভারতের কৌশলগত অবস্থানকে আরও মজবুত করবে।
সূত্রের খবর, প্রায় ১,৪৫০ টন ওজনের এই ছোট আকারের যুদ্ধজাহাজগুলি অত্যন্ত ঘাতক। এতে ৮টি ব্রহ্মোস মিসাইল ছাড়াও আকাশপথে সুরক্ষার জন্য রয়েছে ২৪টি VL-SRSAM মিসাইল এবং আধুনিক স্টিলথ ডিজাইন, যা একে রাডার থেকে লুকিয়ে থাকতে সাহায্য করবে। বিশেষ করে লোহিত সাগর বা হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল এলাকায় ড্রোণ বা মিসাইল হামলা রুখতে এটি অত্যন্ত কার্যকর। কোচিন শিপইয়ার্ড লিমিটেড প্রায় ৯,৮০৪ কোটি টাকা ব্যয়ে এই ধরণের ৬টি জাহাজ তৈরি করছে, যার ডেলিভারি ২০২৭ থেকে শুরু হওয়ার কথা।
বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে অনেক দেশই ব্যয়বহুল বড় জাহাজের বদলে ছোট অথচ বিধ্বংসী যুদ্ধজাহাজের খোঁজ করছে। ভারত সেই সুযোগকেই কাজে লাগিয়ে নিজেকে বিশ্বস্ত ‘ডিফেন্স এক্সপোর্টার’ হিসেবে তুলে ধরতে চাইছে। ইন্দোনেশিয়ার মতো দেশগুলি ইতিমধ্যেই ভারতের এই দেশীয় প্রযুক্তির যুদ্ধজাহাজের প্রতি আগ্রহ দেখিয়েছে।