মাঝরাতে চলন্ত গাড়িতে ভয়ঙ্কর হামলা! কোটি কোটি ভক্তের প্রিয় জনপ্রিয় ইউটিউবার সৌরভ যোশীকে ঘিরে চরম উত্তেজনা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ও জনপ্রিয় ইউটিউবার সৌরভ যোশীকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো উত্তরাখণ্ডের হলদোয়ানিতে। পরিবারের সদস্যদের সঙ্গে গাড়িতে যাতায়াতের সময় একদল যুবকের বিরুদ্ধে তাঁকে ও তাঁর পরিবারের উপর চড়াও হওয়ার এবং অকথ্য গালিগালাজ করার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার জেরে রাতে চরম আতঙ্ক ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। সেই সময় সৌরভ তাঁর স্ত্রী এবং দুই ভাইকে নিয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। তাঁর দাবি, মাঝপথে একটি কালো রঙের গাড়িতে থাকা কয়েকজন যুবক তাঁদের গাড়ির সামনে এসে জানলা নামানোর নির্দেশ দেয়। প্রথমে সৌরভ ভেবেছিলেন, অনুরাগীরা হয়তো দেখা করতে বা শুভেচ্ছা জানাতে এসেছেন। কিন্তু জানলা নামাতেই পাল্টে যায় পুরো পরিস্থিতি।
সৌরভের অভিযোগ, গাড়িতে থাকা ওই যুবকেরা মদ্যপ অবস্থায় ছিলেন এবং মুহূর্তের মধ্যে তাঁরা সৌরভ ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে অশালীন গালিগালাজ শুরু করেন। এরপর অভিযুক্তরা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে, ক্ষুব্ধ সৌরভ নিজেই গাড়ি নিয়ে তাঁদের পিছন ধাওয়া করেন। কিছুদূর যাওয়ার পর ওই গাড়িটিকে একটি স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও, ততক্ষণে চালক ও অভিযুক্তরা গাড়ি ফেলে চম্পট দিয়েছিল। সৌরভ জানান, গাড়িটির ইঞ্জিন চালু ছিল, জানলা নামানো ছিল এবং ভিতর থেকে কয়েকটি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে।
এই ঘটনার পরই স্থানীয় থানায় পুলিশের দ্বারস্থ হন জনপ্রিয় এই ইউটিউবার। নিজের ভ্লগের মাধ্যমেও পুরো বিষয়টি প্রকাশ্যে এনেছেন তিনি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, ইউটিউবে চার কোটিরও বেশি এবং ইনস্টাগ্রামে এক কোটির বেশি ফলোয়ার রয়েছে সৌরভ যোশীর। তবে ঠিক কী কারণে এই হামলা বা বচসার সূত্রপাত হলো, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তদন্তের পরই আসল সত্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।