“মধু নেই তো মৌচাকে কে যাবে?” ভাইফোঁটা ও বুলডোজার কাণ্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ, নিশানায় কারা?

নিউ টাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা—একাধিক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আগামী জানুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত হতে চলা প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি তৃণমূল নেতাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি।

আগামী জানুয়ারিতে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে যোগ দিতে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “বহু মানুষের কাছেই এখন অন্যতম সেরা গন্তব্য কলকাতা। সর্বভারতীয় স্তরে অনেকেরই ইচ্ছা ছিল বাংলায় বড় কোনো অনুষ্ঠান হোক, কেন্দ্রীয় সরকারও তা চাইছে। প্রবাসী ভারতীয় দিবস এবার পশ্চিমবঙ্গে হচ্ছে, যা আমাদের কাছে অত্যন্ত গর্বের। সারা বিশ্বের প্রতিষ্ঠিত ভারতীয়রা এখানে নতুন বাংলাকে দেখতে আসবেন। এছাড়াও উত্তরবঙ্গে ইঞ্জিনিয়ারদের সর্বভারতীয় সম্মেলন সহ আরও বেশ কিছু জাতীয় স্তরের কর্মসূচি চূড়ান্ত হয়েছে। এই সুবাদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলায় আসবেন এবং তাঁরা নিঃসন্দেহে বাংলার উন্নয়নের কথা আরও বেশি করে ভাববেন—এটা আমাদের কাছে এক বড় সুযোগ।”

অন্যদিকে, কলকাতায় অবৈধ দখলদারি ও ভাইপোর বাড়িতে বুলডোজার চলা নিয়ে কড়া অবস্থান নেন তিনি। দিলীপ ঘোষের সাফ কথা, “শুধু ভাইপো কেন, যে কেউ ফুটপাত দখল করবে, সেখানেই বুলডোজার চলা উচিত। কলকাতায় এমনিতেই রাস্তা ও হাঁটার জায়গা কম, অথচ গাড়ির সংখ্যা বেশি। তাই সব কিছু দখলমুক্ত হওয়া জরুরি, আর সেই কাজ উপর থেকেই শুরু হচ্ছে। এর আগেও একজন প্রভাবশালী বিধায়কের অফিসে বুলডোজার চলেছিল। আসলে নেতারাই সাধারণ মানুষকে শিখিয়েছেন কীভাবে জমি কবজা ও দখল করতে হয়। উপরতলার দখলদারি মুক্ত হলে সাধারণ মানুষ নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে রাস্তাঘাট খালি করতে সহযোগিতা করবে।” একই সুরে ফলতার জাহাঙ্গিরের বেআইনি বাড়ি ভাঙা নিয়ে তিনি জানান, সরকারি জমি ও টাকা আত্মসাৎ করে তৈরি সমস্ত মাফিয়া-রাজের প্রাসাদ, ক্লাব ও রেস্তোরাঁ ভেঙে জনগণের সম্পত্তি জনগণকে ফিরিয়ে দিয়ে উন্নয়নের কাজে লাগানো উচিত।

২০২৮ সালের মধ্যে কেন্দ্রীয় সরকার পড়ে যাবে বলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ভবিষ্যদ্বাণী করেছেন, তা নিয়েও তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “যিনি নিজে ছেঁড়া কাঁথায় শুয়ে আছেন, যাঁর নিজের পার্টিটাই উঠে যাওয়ার জোগাড় হয়েছে, তিনি কবে দিল্লির সরকার পড়বে সেই স্বপ্ন দেখছেন! বেল পাকলে কাকের কী?”

পাশাপাশি কাশ্মীরে সেনাবাহিনীর ওপর সাম্প্রতিক হামলা ও বিমান ছিনতাইয়ের হুমকির বিষয়েও নিজের মতামত স্পষ্ট করেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। কাশ্মীর প্রসঙ্গে তিনি জানান, উপত্যকায় লুকিয়ে থাকা হাতেগোনা কয়েকটি জঙ্গিকে সেনাবাহিনী ইঞ্চি ইঞ্চি তল্লাশি চালিয়ে নির্মূল করছে। নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদেই জঙ্গিরা মরিয়া হয়ে হামলা চালাচ্ছে এবং সেনা তার যোগ্য জবাব দিচ্ছে। বিমান সুরক্ষার ক্ষেত্রে কেন্দ্রের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতের তুলনায় বর্তমানে প্রযুক্তিগত ও নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি উন্নত এবং কোনো সামান্য ত্রুটি নজরে এলেই সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

সবশেষে ভাইফোঁটা উপলক্ষে তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। দিদির কাছে এবার ফোঁটা নিতে না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক ফোঁটা বা রাজনৈতিক সম্পর্ক ক্ষমতার সঙ্গে সঙ্গে বদলে যায়। আগে ক্ষমতার লোভে মুখ দেখানো আর বাড়িতে যাওয়ার প্রতিযোগিতা চলত। আজ সেখানে ক্ষমতা নেই, তাই ভিড়ও নেই। মধু না থাকলে মৌচাকে কে যাবে? এই ধরনের রাজনৈতিক অনুষ্ঠানের মধ্যে না থাকাই ভালো।” তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি সিঙ্গুরে নিজের দফতরে স্বচ্ছ ভারত প্রকল্পের মহিলা কর্মী এবং এডিএম, বিডিও সহ অন্যান্য আধিকারিকদের নিয়েই এবারের ভাইফোঁটা উদযাপন করেছেন।