ভোট চুরি, সরকার চুরির পর এবার সরাসরি দল চুরি! তৃণমূলের প্রতীক ‘ফ্রিজ’ হতেই বিস্ফোরক রাহুল গান্ধি

প্রথমে ভোট চুরি, তারপর সরকার চুরি এবং এবার সরাসরি রাজনৈতিক দল চুরি করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রতীক ‘ফ্রিজ’ বা স্থগিত রাখার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে তীব্র ভাষায় বিজেপি এবং কমিশনকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি লেখেন, প্রথমে শিবসেনা, তারপর এনসিপি এবং এখন তৃণমূল কংগ্রেস—প্রতিবার ঠিক একই কায়দায় বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথভাবে রাজনৈতিক দল ও প্রতীক ভাঙার খেলায় নেমেছে। এই লড়াই কেবল একদল বা এক নেত্রীর নয়, এটি গোটা দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াই বলে মন্তব্য করেন তিনি।

রাহুলের সুরেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেণুগোপালও। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেন, তৃণমূলের প্রতীক ফ্রিজ করে নির্বাচন কমিশন আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর জন্মদিনের বিশেষ উপহার দিয়েছে। তাঁর দাবি, কমিশন সম্পূর্ণ অসাংবিধানিকভাবে কাজ করছে এবং তারা বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে। এর আগেও শিবসেনা এবং এনসিপির ক্ষেত্রেও একই কারসাজি করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে মমতার হাতে দলের প্রতীক ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি জানানো হয়েছে।

এদিকে সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কটাক্ষ করে বলেন, কমিশন যদি সত্যিই গণতন্ত্রকে শক্তিশালী করার কাজ করে তবেই তাদের সম্মান বজায় থাকবে। সবমিলিয়ে, তৃণমূলের প্রতীক ফ্রিজ হওয়ার এই ঘটনায় জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।