ভোটের আগে পুলিশের জালে বেলেঘাটার ‘বাহুবলী’ রাজু নস্কর! ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত

আগামী বিধানসভা নির্বাচনের আগে কলকাতায় বড়সড় পুলিশি পদক্ষেপ। বেলেঘাটার প্রভাবশালী তৃণমূল নেতা এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী রাজু নস্করকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। রবিবার তাঁকে শিয়ালদহ আদালতে পেশ করা হলে বিচারক আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, অপহরণ, ইচ্ছাকৃতভাবে আঘাত করা এবং জোরপূর্বক সম্পত্তি দখলের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ৫ ফেব্রুয়ারি বেলেঘাটার এক বাসিন্দা সুকমল দেবনাথ অভিযোগ করেন যে, রাজু নস্কর এবং তাঁর দলবল তাঁকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। একটি জমি সংক্রান্ত বিবাদের জেরে তাঁকে বেধড়ক মারধর ও সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার বিকেলে ইএম বাইপাসের অভিষিক্তা মোড়ের কাছে রাজু যখন শহর ছাড়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁর গাড়ি আটকে তাঁকে গ্রেফতার করে।

রাজনৈতিক মহলে রাজু নস্কর উত্তর কলকাতার প্রভাবশালী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ভোটের ঠিক আগে এই গ্রেফতারি কি নিছকই পুলিশি তদন্ত নাকি দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, এটি একটি স্থানীয় বিবাদ এবং আইনের পথে আইন চলবে। তবে অতীতেও একাধিকবার বিতর্কে জড়ানো রাজুর এই গ্রেফতারি বেলেঘাটা এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি করেছে।