ভোটের আগের রাতে বড় ধামাকা! ট্রাইব্যুনালের নির্দেশে ভাগ্য খুলল কয়েক হাজার ভোটারের?

আগামীকাল ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যে হাইভোল্টেজ প্রথম দফার নির্বাচন। আর এই মহারণের ঠিক কয়েক ঘণ্টা আগে নাটকীয় মোড় নিল নির্বাচনী প্রক্রিয়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নং-১’ প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনে এই তালিকায় থাকা ব্যক্তিরা আগামীকাল বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এই সাপ্লিমেন্টারি তালিকায় মূলত তাঁদের নাম রয়েছে যাঁদের ভোটার তালিকায় নাম থাকা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল এবং যা পরবর্তীতে ট্রাইব্যুনালে গড়ায়। ট্রাইব্যুনালে শুনানির মাধ্যমে যাঁদের সমস্যার নিষ্পত্তি হয়েছে, তাঁদের নামই এই বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, ট্রাইব্যুনাল থেকে কাদের নাম চূড়ান্তভাবে বাদ গেল, তার একটি পৃথক তালিকাও কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

তবে এই তালিকায় ঠিক কতজন নতুন ভোটারের নাম যুক্ত হলো অথবা কতজনকে বাতিলের খাতায় রাখা হলো, সেই সংখ্যা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছে কমিশন। কমিশনের এক আধিকারিক জানান, “ট্রাইব্যুনালের নির্দেশিকা মেনেই দ্রুততার সঙ্গে এই তালিকা প্রকাশ করা হয়েছে যাতে কোনো বৈধ ভোটার ভোটদান থেকে বঞ্চিত না হন।” ভোটের আগের রাতে এই তালিকা প্রকাশ হওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, শেষ মুহূর্তের এই ভোটার অন্তর্ভুক্তি অনেক কেন্দ্রের নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy