‘ভুল থেকে শিক্ষা নিন, নাহলে…!’ ধর্মতলার সভা থেকে রাহুল গান্ধীকে সরাসরি কী চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি সভাপতি?

ব্যর্থতা থেকে শিক্ষা নিলে আজ কংগ্রেসের এই পরিণতি দেখতে হতো না। কলকাতা বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিল শেষে ধর্মতলার জনসভা থেকে ঠিক এই ভাষাতেই প্রধান বিরোধী দল ও রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সভাপতি নিতিন নবীন। একই সঙ্গে বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বড় দাবি করেছেন তিনি।
ধর্মতলার এই সভা থেকে গতকাল দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের কর্মসূচি নিয়েও বিরোধী শিবিরকে একহাত নেন নিতিন নবীন। তাঁর দাবি, দিল্লিতে আম আদমি পার্টি (আপ), বিহারে আরজেডি এবং বাংলায় তৃণমূল কংগ্রেসের পর এবার উত্তর প্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকেও পর্যুদস্ত করবে বিজেপি।
কংগ্রেস ও রাহুল গান্ধীকে কটাক্ষ করে বিজেপি সভাপতি বলেন, অতীত ও নিজেদের ভুল থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে দেশে কংগ্রেসের নাম নেওয়ার মতোও কেউ খুঁজে পাওয়া যাবে না। পাশাপাশি, কংগ্রেস এবং তৃণমূলের মতো দলগুলিকে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনেও নিশানা করেন তিনি। নিতিন নবীনের মতে, এই দলগুলি শুধু নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত থাকে, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রতিটি নাগরিকের কথা ভাবেন।
মুখ্যমন্ত্রী তথা বিরোধী শিবিরের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আশাবাদী সুর শোনা গেছে তাঁর গলায়। বিজেপি সভাপতির দাবি, সমস্ত বাধা পেরিয়ে বাংলা এখন দেশের সার্বিক অগ্রগতির শরিক হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। রাজনৈতিক মহলের মতে, এই সভা থেকে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে পারদ আরও চড়াতে চলেছে গেরুয়া শিবির।