ভিআইপি জোনে তুমুল চাঞ্চল্য! দিল্লির নর্থ ব্লকের ছাদে আচমকা আগুনের লেলিহান শিখা!

দিল্লির অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র নর্থ ব্লকে সোমবার সকালে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঐতিহ্যবাহী লাল বেলেপাথরের তৈরি এই ভবনের ছাদ থেকে হঠাৎই ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখেন পথচলতি মানুষ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছয়টি ইঞ্জিন। জানা গিয়েছে, ভবনের ছাদে থাকা এয়ার কন্ডিশনিং (AC) সিস্টেমের একটি বয়লারে আগুন লেগেছিল। তবে দমকল কর্মীদের দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দমকল সূত্রের খবর, ভবনের ছাদে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কাজ চলছিল। সেখানে ওয়েল্ডিং করার সময় আচমকা শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় বলে প্রাথমিক অনুমান। ঘটনার সময় সংসদে যাচ্ছিলেন সাংসদ মিলিন্দ দেওরা। নর্থ ব্লকের পিছন দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখে তিনি সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন। দেশের স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তর থাকা এই প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের খবর ছড়াতেই প্রশাসনের অন্দরে শোরগোল পড়ে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।