ভারতের প্রথম বুলেট ট্রেন নিয়ে বিরাট সুখবর! ওভারহেড তারে ছুটল হাইভোল্টেজ বিদ্যুৎ, কবে থেকে চড়তে পারবেন?

ভারতের প্রথম বুলেট ট্রেন চালুর পথে আরও এক বড় ধাপ এগোল ভারতীয় রেল। মুম্বই-আমেদাবাদ হাইস্পিড রেল করিডরে শুরু হতে চলেছে বিদ্যুৎ সংযোগের কাজ। ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) জানিয়েছে, ২০ নভেম্বর থেকে গুজরাটের সুরাট-বিলিমোরা অংশে ওভারহেড ইকুইপমেন্ট (OHE) ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হচ্ছে। দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। প্রায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন করিডরের মধ্যে গুজরাটের সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার অংশে প্রথম পর্যায়ে এই বিদ্যুৎ সংযোগ চালু হচ্ছে। এই অংশের আপ এবং ডাউন, উভয় লাইনের জন্যই ওভারহেড ইলেকট্রিক্যাল পরিকাঠামো তৈরি করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার পর থেকেই ওই অংশের ওভারহেড তারে সবসময় হাইভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হবে। সেই কারণে স্থানীয় বাসিন্দা, নির্মাণকর্মী এবং সাধারণ মানুষকে রেললাইনের আশপাশে না যাওয়ার কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া ওই এলাকায় কোনও কাজ করা বা বিদ্যুতের তার স্পর্শ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে, কারণ এই হাইভোল্টেজ বিদ্যুৎ প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। এই প্রকল্পে অত্যাধুনিক ২ × ২৫ কেভি ওভারহেড ট্র্যাকশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে। জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিদ্যুৎ সংগ্রহ করে বিশেষ ট্র্যাকশন সাবস্টেশনের মাধ্যমে তা রেললাইনের উপরের তারে পৌঁছে দেওয়া হবে।
পুরো ৫০৮ কিলোমিটার করিডর জুড়ে মোট ১৪টি ট্র্যাকশন সাবস্টেশন নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে ৯টি গুজরাটে এবং ৫টি মহারাষ্ট্রে অবস্থিত। এর পাশাপাশি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেন্দ্র থেকে গোটা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপর নিরবচ্ছিন্ন নজরদারি চালানো হবে, যা বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা ও ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে।
এই হাইস্পিড রেল করিডরটি ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর উপযোগী করে তৈরি করা হচ্ছে। তবে প্রথম পর্যায়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি B28 বুলেট ট্রেনের পরিচালনগত গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার রাখার পরিকল্পনা রয়েছে, যদিও ট্রেনটির ডিজাইন স্পিড ঘণ্টায় ২৮০ কিলোমিটার। রেল মন্ত্রকের লক্ষ্য অনুযায়ী, ২০২৭ সালের ১৫ অগস্ট দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু করা হবে এবং প্রাথমিক পর্যায়ে সুরাট থেকে ভাপি পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স থেকে সবরমতী পর্যন্ত মোট ১২টি স্টেশনের মাধ্যমে মহারাষ্ট্র ও গুজরাটের বাণিজ্যিক ও শিল্পাঞ্চলগুলির যোগাযোগ ব্যবস্থা আমূল বদলে যাবে।