ব্রেক ছাড়াই ৪৬৩ কিমি ছুটল বন্দে ভারত! অল্পের জন্য বড়সড় ট্র্যাজেডি এড়াল রেল?

সাম্প্রতিক অতীতে একাধিক ট্রেন দুর্ঘটনা দেশের রেল পরিকাঠামো নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলেছে। এরই মধ্যে সামনে এল এক অত্যন্ত চাঞ্চল্যকর ও শিহরণ জাগানো তথ্য। ব্রেকিং সিস্টেম সম্পূর্ণ অচল থাকা সত্ত্বেও চালকের বারবার সতর্কতা উপেক্ষা করে টানা ৪৬৩ কিলোমিটার পথ অতিক্রম করল একটি খালি বন্দে ভারত ট্রেন। ট্রেনটি খালি থাকায় এবং শুধুমাত্র ইঞ্জিনের ব্রেকের ভরসায় এই দীর্ঘ পথ পার করায় এক সম্ভাব্য মহাবিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। অন্যথায় হাজার হাজার যাত্রীর প্রাণ বিপন্ন হতে পারত। এই মারাত্মক গাফিলতির ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে।
দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway) জোনে ঘটা এই ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, গত ৭ নভেম্বর রাঁচীর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) তাৎক্ষণিকভাবে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর একটি বন্দে ভারত চেয়ার কারের রেক ফ্রেট লোকোমোটিভ বা মালগাড়ির সাহায্যে ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তর প্রদেশের ঝাঁসিতে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রেনটি রওনা দেওয়ার আগেই রেলকর্মী ও লোগোপাইলটরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে ব্রেকিং সিস্টেমে গুরুতর ত্রুটি রয়েছে। কিন্তু সেই সতর্কবার্তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়।
অভিযোগ উঠেছে, নিয়ম অনুযায়ী বন্দে ভারত ট্রেনের রেকের ব্রেকিং সিস্টেমের সঙ্গে যে মালগাড়ির ইঞ্জিনটি ট্রেনটি টেনে নিয়ে যাচ্ছিল, তা সঠিকভাবে যুক্ত করার কথা ছিল। কিন্তু সেই কাজ চরম অবহেলার সঙ্গে করা হয়। রাঁচি থেকে ছাড়ার পর লোকোপাইলট যখন ব্রেক পাওয়ার টেস্ট করেন, তখন তিনি বুঝতে পারেন ব্রেকিং সিস্টেম প্রায় পুরোপুরি অচল। তৎক্ষণাৎ তিনি সেকশন ও ট্রাকশন লোকো কন্ট্রোলারের কাছে লিখিত অভিযোগ জানান। কিন্তু আশ্চর্যজনকভাবে তাতেও কর্ণপাত করা হয়নি এবং ট্রেনটিকে উত্তরপ্রদেশের দিকে পাঠানোর অনুমতি বহাল রাখা হয়। এমনকি মুরি স্টেশন থেকে দায়িত্ব নেওয়া অন্য এক লোকো পাইলটও ব্রেক পাইপ প্রেশার কমে যাওয়ার পরেও ব্রেক না লাগার বিষয়টি কন্ট্রোলারকে জানান।
অবশেষে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর রেলের কারিগরি দল পরীক্ষা করে দেখে যে, ট্রেনের একটি কোচেরও ব্রেকিং সিস্টেম কাজ করছে না। সম্পূর্ণ ট্রেনটি কেবল মালগাড়ির ইঞ্জিনের ওপর ভর করেই ৪৬৩ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। প্রাথমিক তদন্তে ক্যারেজ ও ওয়াগন কর্মীদের পাশাপাশি সেকশন ও ট্রাকশন কন্ট্রোলারদের চূড়ান্ত গাফিলতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বারংবার সতর্কতা সত্ত্বেও কেন এই মারাত্মক ঝুঁকি নেওয়া হলো, তা নিয়ে এখন চলছে জোরদার তদন্ত। রেলের অন্দরের এই বেপরোয়া মনোভাব যে কোনো দিন বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।