প্রায় তিন দশক ধরে ইউটিউবে ঝড় তুলছে এই মাস্টারপিস! হঠাৎ কেন ফের চর্চায় গানস এন রোজেসের ‘নভেম্বর রেইন’?

নভেম্বর মাস এলেই সোশ্যাল মিডিয়ার পাতা কিংবা রিলসের ফিডে যে গানটি সবচেয়ে বেশি কানে বাজে, তা হলো মার্কিন রক ব্যান্ড ‘গানস এন রোজেস’-এর অমর সৃষ্টি ‘নভেম্বর রেইন’। প্রকাশের তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রায় নয় মিনিটের এই কালজয়ী গানের আবেদন আজও একটুও ম্লান হয়নি। ইউটিউবে যার ভিউ ছাড়িয়ে গেছে আড়াই বিলিয়ন বা ২৫০ কোটি। পিয়ানোর বিষণ্ণ সুর, অ্যাক্সল রোজের আবেগময় কণ্ঠ এবং গিটারিস্ট স্ল্যাশের জাদুকরী সলো—সব মিলিয়ে গানটি কেবল একটি রক ট্র্যাক নয়, বরং এক গভীর অনুভূতির নাম।

তবে এই মাস্টারপিস সৃষ্টির পেছনের ইতিহাস কম রোমাঞ্চকর নয়। আশির দশকের গোড়া থেকেই ব্যান্ডের প্রধান ভোকালিস্ট অ্যাক্সল রোজ এই গানটির সুর নিয়ে কাজ শুরু করেছিলেন। শৈশবের কঠিন ও যন্ত্রণাদায়ক দিনগুলি পেরিয়ে লস অ্যাঞ্জেলেসে নিজের ভাগ্য বদলাতে আসা রোজের ব্যক্তিগত জীবনের একাকিত্ব এবং একতরফা ভালোবাসার বেদনা থেকেই জন্ম নেয় এই গান। ১৯৯১ সালে ‘ইউজ ইয়োর ইলিউশন ওয়ান’ অ্যালবামে আসার আগে দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে গানটিকে তিলে তিলে নিখুঁত করে তুলেছিলেন তিনি।

গানটির জনপ্রিয়তা আকাশচুম্বী হওয়ার পেছনে এর নান্দনিক মিউজিক ভিডিওটিরও এক বিরাট ভূমিকা রয়েছে। ব্রিটিশ নির্মাতা অ্যান্ডি মোরাহানের পরিচালনায় তৈরি ওই ভিডিওতে প্রেম, জমকালো বিয়ে, হঠাৎ নেমে আসা বৃষ্টি এবং মর্মান্তিক মৃত্যুর এক রূপক চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল, যেখানে রোজের বিপরীতে দেখা গিয়েছিল সুপারমডেল স্টেফানি সেমুরকে। ভিডিওটির অস্পষ্ট ও রহস্যময় সমাপ্তি আজও দর্শকদের মধ্যে জল্পনা তৈরি করে। সম্পর্কের অনিশ্চয়তা, বিচ্ছেদ এবং প্রিয়জনকে হারানোর চিরন্তন বেদনাকে যেভাবে এই গানে ফুটিয়ে তোলা হয়েছে, তা যুগ যুগ ধরে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।