ব্রেকের রক্তিম চোখ রাঙানি উপেক্ষা করেই ৪৬৩ কিমি ছুটল বন্দে ভারত! অল্পের জন্য রক্ষা পেল বড় দুর্ঘটনা?

ব্রেকিং সিস্টেমে গুরুতর ত্রুটি থাকা সত্ত্বেও একটি খালি বন্দে ভারত এক্সপ্রেসকে ৪৬৩ কিলোমিটার পথ চালানোর অনুমতি দেওয়ার অভিযোগ উঠল। আর এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় রেলের যাত্রী সুরক্ষা ব্যবস্থা ফের একবার কাঠগড়ায় দাঁড়িয়েছে। গত ২৪ অক্টোবর ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশের মধ্যে একটি খালি বন্দে ভারত রেক সরিয়ে নিয়ে যাওয়ার সময় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পুরো ঘটনায় রেলের অন্দরে শোরগোল পড়ে যাওয়ায় ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ।

কী ঘটেছিল সেদিন?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তরপ্রদেশের ঝাঁসি পর্যন্ত একটি খালি বন্দে ভারত রেক নিয়ে যাওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী, একটি মালবাহী লোকোমোটিভ এই খালি রেকটিকে টেনে নিয়ে যাওয়ার কথা এবং দুই ট্রেনের ব্রেকিং সিস্টেম যুক্ত থাকার কথা ছিল। কিন্তু অভিযোগ, সংশ্লিষ্ট রেলকর্মীদের একাংশ যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করেই নিজেদের খেয়ালখুশিমতো সিদ্ধান্ত নেন। এমনকি সমস্যা চিহ্নিত হওয়ার পরও সতর্কবার্তা পুরোপুরি উপেক্ষা করা হয়।

তদন্তে উঠে এসেছে, রাঁচি স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির লোকো পাইলট স্পষ্ট দেখতে পান যে ব্রেক সিস্টেম অত্যন্ত দুর্বল ও অকার্যকর। তিনি বিষয়টি লিখিতভাবে সেকশন কন্ট্রোলার ও ট্র্যাকশন লোকো কন্ট্রোলারকে জানান। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি। পরবর্তীতে মুড়ি স্টেশন থেকে ট্রেনটি চালানো অন্য এক লোকো পাইলটও ব্রেকের দুর্বল কার্যক্ষমতার বিষয়টি কন্ট্রোলারদের জানান এবং স্পষ্ট জানান যে ব্রেক প্রেশার কমিয়ে ট্রেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবুও ট্রেনটি থামানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার দীনদয়াল উপাধ্যায় স্টেশনের রেলকর্মীরা বিষয়টি নজরে আনেন এবং ট্রেনটি পরিদর্শন করে দেখেন যে সমস্ত বগির ব্রেকিং সিস্টেম কার্যত বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল!

রেল কর্তৃপক্ষের কড়া পদক্ষেপ ও গাফিলতির অভিযোগ

গত ৭ নভেম্বর দক্ষিণ-পূর্ব রেলের রাঁচির ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে (ডিআরএম) এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রেলের তরফে সাফ জানানো হয়েছে, পর্যাপ্ত ‘ব্রেক পাওয়ার’ বা ব্রেকিং ক্ষমতা না থাকা সত্ত্বেও ট্রেন চালানো একটি অত্যন্ত গুরুতর নিরাপত্তা সংক্রান্ত গাফিলতি। এর ফলে যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত, যা রেলকর্মী ও যাত্রীদের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারত।

প্রাথমিক তদন্তে কোচ অ্যান্ড ওয়াগন (C&W) কর্মী, সংশ্লিষ্ট স্টেশনগুলির সেকশন ও ট্র্যাকশন কন্ট্রোলার এবং হাতিয়া থেকে ডিডিইউ (DDU) পর্যন্ত ট্রেনটি পরিচালনাকারী ক্রুদের চরম গাফিলতির প্রমাণ মিলেছে। সি অ্যান্ড ডব্লিউ কর্মীরা রেক ছাড়ার আগে ব্রেক ঠিকমতো কাজ করছে কি না তা সরেজমিন পরীক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হন। এছাড়া ট্রেনের কর্মীদের বন্দে ভারতের ব্রেকিং সিস্টেম সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় এই বড় বিপদের সৃষ্টি হয় বলে তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, গত ১১ নভেম্বর অসমে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার মাত্র তিন সপ্তাহ আগের এই ঘটনাটি রেলের অন্দরে সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।