বৈধ আয়ের চেয়ে শতগুণ বেশি সম্পত্তি! মধ্যপ্রদেশের দুর্নীতিগ্রস্ত আধিকারিকের ঘরে মিলল ক্যাশ ও সোনা

সরকারি আধিকারিকের বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। তদন্তকারীদেরও চোখ ছানাবড়া করে দেওয়া এই ঘটনায় এক সরকারি কর্মকর্তার গোপন সাম্রাজ্যের পর্দাফাঁস হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের এক সরকারি আধিকারিকের একাধিক ঠিকানায় লোকায়ুক্তের হানা দিয়ে প্রায় আড়াই কেজি সোনা, দেড় কেজির বেশি রুপো এবং ২৬ লক্ষ টাকারও বেশি নগদ উদ্ধার করেছে।
মধ্যপ্রদেশের লোকায়ুক্ত পাঁচমারহির সাতপুরা বাঘ সংরক্ষণ কেন্দ্রের (Satpura Tiger Reserve) সহকারী পরিচালক সঞ্জীব কুমার শর্মার সঙ্গে যুক্ত তিনটি ঠিকানায় এই অভিযান চালিয়েছেন। তাঁর মোট সম্পত্তির প্রাথমিক অনুমান প্রায় ৭.৬ কোটি টাকা বলে জানিয়েছেন তদন্তকারীরা। লোকায়ুক্তের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে, সঞ্জীব শর্মা ও তাঁর পরিবারের সদস্যরা আয়ের উৎসের চেয়ে বহুগুণ বেশি অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। প্রাথমিক তদন্তে জানা যায়, তাঁর জ্ঞাত আয়ের চেয়ে প্রায় ২২৮ শতাংশ বেশি সম্পত্তি রয়েছে। এর পরই দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রুজু করে আদালত থেকে পরোয়ানা নিয়ে এই অভিযান চালানো হয়।
লোকায়ুক্তের একাধিক পৃথক দল পাঁচমারহিতে সঞ্জীবের সরকারি বাসভবন ও কার্যালয়ে এবং ছিন্দওয়ারায় তাঁর ব্যক্তিগত বাসভবনে একযোগে তল্লাশি চালায়। ভোপাল বিভাগের একটি দল এই গোটা অভিযানটি সফলভাবে পরিচালনা করে। তল্লাশিতে ২৬ লক্ষ ৩৬ হাজার ৮০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩.৫ কোটি টাকা মূল্যের ২.৫২৮ কিলোগ্রাম সোনা এবং প্রায় ২ লক্ষ ৯৪ হাজার টাকা মূল্যের ১.৬৫৬ কিলোগ্রাম রুপোও বাজেয়াপ্ত করা হয়েছে।
পাশাপাশি, সঞ্জীব শর্মার মালিকানাধীন চারটি বিলাসবহুল গাড়ি—একটি স্করপিও, একটি মাহিন্দ্রা কেইউভি, একটি রয়্যাল এনফিল্ড বুলেট এবং একটি স্কুটার বাজেয়াপ্ত করা হয়েছে, যেগুলোর মোট বাজারমূল্য প্রায় ৩১.২ লক্ষ টাকা। এছাড়া ওই চত্বর থেকে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের গৃহস্থালি সামগ্রীও উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা সঞ্জীবের আরও দুটি বিলাসবহুল সম্পত্তির হদিশ পেয়েছেন; যার মধ্যে রয়েছে প্রায় ২ কোটি টাকা মূল্যের ‘ইকোটেল রিসোর্ট’ এবং ১ কোটি টাকা মূল্যের ‘সেরেনিটি দ্য ভিলা’। এছাড়া জমি লেনদেন সংক্রান্ত ২৮টি গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে। হোটেল ও রিসোর্টের আনুষ্ঠানিক মূল্যায়ন সম্পন্ন হলে এই সম্পত্তির পরিমাণ আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে। লোকায়ুক্ত জানিয়েছে, বর্তমান প্রাথমিক হিসাব অনুযায়ী মোট সম্পত্তির পরিমাণ আয়ের উৎসের চেয়ে প্রায় ৫৬০ শতাংশ বেশি।