বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতি! হেক্টর প্রতি ৮ হাজার থেকে ২২ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা, চালু হেল্পলাইন

ঘূর্ণিঝড় এবং লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে বড়সড় ত্রাণ ও ক্ষতিপূরণ প্যাকেজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি নতুন করে চাষাবাদের জন্য বীজ বিতরণ, কৃষিজমিতে জমে থাকা জল নিকাশির ব্যবস্থা এবং পান বরজের ক্ষতির ক্ষেত্রেও বিশেষ সহায়তার কথা জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত চাষিদের সুবিধার্থে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ১৪৪৪৭।

কোন চাষে কত ক্ষতিপূরণ?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বৃষ্টি নির্ভর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হেক্টর প্রতি ৮,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে; এমনকি এক ডেসিমেল জমি ক্ষতিগ্রস্ত হলেও মিলবে ১,০০০ টাকা। অন্যদিকে, যেখানে একাধিক ধরনের ফসলের চাষ হয়, সেসব ক্ষেত্রে হেক্টর প্রতি ২২,০০০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। এমন জমির ক্ষেত্রে এক ডেসিমেল ক্ষতিগ্রস্ত হলেও ২,৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।

পান বরজে বিশেষ বরাদ্দ

বৃষ্টি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পান বরজের জন্যও আলাদা সহায়তার ব্যবস্থা করেছে প্রশাসন। প্রতিটি নির্ধারিত পান বরজ ইউনিট পিছু ২,৫০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এই খাতে মোট ২ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। জল নিষ্কাশন ও বিকল্প বীজ সরবরাহের মাধ্যমে দ্রুত চাষাবাদ স্বাভাবিক করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।