হায়দরাবাদে ২৬/১১ ধাঁচে হামলার হুমকি! লস্করের নামে ইমেল আসতেই শহরজুড়ে হাই অ্যালার্ট

জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (LeT)-র নামে আসা একটি হুমকি ইমেলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদে। শহরের দুটি অত্যন্ত জনবহুল ও ব্যস্ত এলাকায় জোড়া বিস্ফোরণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই ইমেলে। ঘটনার পরপরই শহরজুড়ে চূড়ান্ত সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে হায়দরাবাদ পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার পাঠানো ওই হুমকি ইমেলে ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার ধাঁচে বড়সড় নাশকতা চালানোর কথা উল্লেখ করা হয়েছে। হায়দরাবাদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের যুগ্ম কমিশনার ইতিমধ্যেই শহরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সতর্ক করে একটি বার্তা পাঠিয়েছেন। ওই সতর্কবার্তায় জানানো হয়েছে, প্রেরক নিজেকে লস্কর-ই-তৈবার সদস্য বলে দাবি করেছেন।
কোন কোন জায়গার নাম উল্লেখ?
হুমকি ইমেলে হায়দরাবাদের কাচিগুড়া এলাকার ‘হোটেল ট্যুরিস্ট প্লাজা’ এবং ‘কাচিগুড়া রেলওয়ে স্টেশনে’ বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি হামলায় অন্তত ৩০০ জনকে হত্যার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। গত ১৮ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কুলগামের জঙ্গলপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত দক্ষিণ কাশ্মীরের লস্কর জঙ্গি লতিফ ভাট ও তার সহযোগীদের মৃত্যুর বদলা নিতেই এই ছক কষা হয়েছে বলে ইমেলে দাবি করা হয়েছে।
জোরদার নিরাপত্তা ও তদন্ত
হুমকি বার্তা পাওয়ার পরই শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। আধিকারিকদের উদ্দেশে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কাচিগুড়া রেল স্টেশন ও হোটেল ট্যুরিস্ট প্লাজার পাশাপাশি শহরের সব জনবহুল এলাকা, হোটেল, রেল স্টেশন, বাস টার্মিনাল, ধর্মীয় স্থান ও গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে অবিলম্বে কড়া নজরদারি চালাতে হবে।
সন্দেহজনক ব্যক্তি, পরিত্যক্ত সামগ্রী, গাড়ি কিংবা অস্বাভাবিক কোনও গতিবিধির ওপর বিশেষ নজর রাখার পাশাপাশি পর্যাপ্ত পুলিশি টহল, নাশকতা-বিরোধী তল্লাশি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইমেলটির উৎস এবং কারা এর পেছনে রয়েছে, তা খতিয়ে দেখছে হায়দরাবাদ পুলিশ ও গোয়েন্দা শাখা।