‘বুলডোজার সবার সামলে চলে না বন্ধু’, অখিলেশকে তীব্র নিশানা ওমপ্রকাশ রাজভরের

গোরক্ষপুরে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের রোড শো চলাকালীন বুধবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অখিলেশকে স্বাগত জানাতে আসা একটি জেসিবি-র ধাক্কায় ১৪ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম আর্যবর্ধন বলে জানা গিয়েছে। এই ঘটনায় পুলিশ ছয়জন নামীয় এবং পঞ্চাশজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে। বেপরোয়া ও গাফিলতিপূর্ণভাবে গাড়ি চালানোর ফলে মৃত্যুর ধারায় অভিযোগ দায়ের হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ওমপ্রকাশ রাজভর এই ঘটনায় অখিলেশ যাদবের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন এবং দোষীদের বিরুদ্ধে খুনের মামলা চালানোর দাবি তুলেছেন। রাজভরের অভিযোগ, গোরক্ষপুরে অখিলেশের অনুগামীদের তাণ্ডবেই ১৪ বছরের ওই নিষ্পাপ কিশোর প্রাণ হারিয়েছে। তাঁর দাবি, এই মর্মান্তিক ঘটনায় অখিলেশ যাদব কোনও শোক বা সমবেদনা প্রকাশ করেননি, অথচ স্বাধীনতা সংগ্রামীদের জাতি খুঁজতে তাঁর সময় মিলেছে। একেই তিনি অখিলেশের উদ্ধত রাজনীতি বলে কটাক্ষ করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে ওমপ্রকাশ রাজভর লিখেছেন, গোরক্ষপুরে গিয়ে অপমানিত হয়ে এসেছেন এবং রাস্তায় তাণ্ডব চালিয়েছেন। সেই তাণ্ডবের মধ্যেই রাস্তায় লাফালাফি করা কর্মীদের কারণে ১৪ বছরের আর্যবর্ধনের প্রাণ গিয়েছে রোড শোয়ে থাকা বুলডোজারের ধাক্কায়। তিনি এই মৃত্যুর ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে খুনের মামলা করার আহ্বান জানিয়েছেন। রাজভরের মন্তব্য, বুলডোজার সবার সামলে চলে না বন্ধু। গোটা রাজ্য জানে, বিশৃঙ্খলা, নৈরাজ্য ও উদ্ধত আচরণ ছাড়া সপা আর কিছু করতে পারে না।

নিজের পোস্টে রাজভর সপা সভাপতিকে খারাপ সঙ্গ ত্যাগের পরামর্শও দিয়েছেন। তিনি লিখেছেন, গোরক্ষপুরে গিয়েও অখিলেশ মহাযোগী গুরু গোরক্ষনাথের মন্দিরে যাননি, এমনকি গীতা প্রেসে গিয়ে একটি ভগবদ্গীতা কিনলেও হয়তো সদ্‌বুদ্ধি হতো। চৌরিচৌরার কাছে তরকুলহি মাই মন্দিরেও তিনি প্রণাম করেননি বলে কটাক্ষ করেছেন রাজভর। তাঁর দাবি, বিশেষ একটি গোষ্ঠীকে অসন্তুষ্ট করার ভয়েই অখিলেশ এমন আচরণ করছেন। বন্ধুর মতো বোঝালেও অখিলেশ ও তাঁর অনুগামীদের গায়ে জ্বালা ধরে বলে মন্তব্য করে রাজভর সতর্ক করেছেন, বাজে সঙ্গ না ছাড়লে ২০২৭ সালের নির্বাচনে দলের সর্বনাশ নিশ্চিত।