‘কমল শুকিয়ে যাচ্ছে বলেই রাধার নাম?’ ভোটের আগে মথুরায় বড় লড়াই

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে ব্রজের মাটি থেকে নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক বার্তা দেওয়ার চেষ্টা করল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। দলের দু’দিনের বৈঠকের পর ‘রাধে-রাধে, কমল খিলা দে’ স্লোগানটি সামনে এসেছে। এর মাধ্যমে ব্রজের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে নিজেদের দলীয় প্রতীক পদ্মকে জুড়তে চাইছে গেরুয়া শিবির। পাশাপাশি শ্রীকৃষ্ণ জন্মভূমিতে ভব্য মন্দির নির্মাণের প্রসঙ্গও জোরালোভাবে তুলে ধরা হয়েছে। তবে বিজেপির এই স্লোগানকে ঘিরে পাল্টা আক্রমণে নেমেছে সমাজবাদী পার্টি।
সপা সাংসদ ডিম্পল যাদব এবং দলীয় প্রধান অখিলেশ যাদব কটাক্ষ করে বলেছেন, বিজেপির পদ্ম শুকিয়ে যাচ্ছে বলেই এখন তা ফোটাতে রাধা রানির নাম নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ১৬ ও ১৭ নভেম্বর মথুরার পারখমে বিজেপির দু’দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী এবং দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠকসহ শীর্ষ নেতারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ২০২৭ সালের ভোটের রণকৌশল, সংগঠন মজবুত করা, বুথ ব্যবস্থাপনা ও সরকার-সংগঠনের সমন্বয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ‘রাধে-রাধে, কমল খিলা দে’ স্লোগানটি বিশেষভাবে সামনে আসে।
রাজ্যসভার সাংসদ তথা ওবিসি মোর্চার সভাপতি প্রকাশ পাল এই স্লোগানের নেপথ্যের যুক্তি তুলে ধরেন। তাঁর মতে, ব্রজ অঞ্চলে পরস্পরকে ‘রাধে-রাধে’ বলে সম্ভাষণ জানানোর সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। সেই স্থানীয় পরিচয়ের সঙ্গেই পদ্ম প্রতীককে জুড়ে এই স্লোগান তৈরি করা হয়েছে। শ্রীকৃষ্ণ জন্মভূমিতে মন্দির নির্মাণের দাবি করে তিনি বলেন, সনাতনীদের দীর্ঘদিনের ইচ্ছা অযোধ্যা, কাশী ও মথুরায় ভব্য মন্দির গড়ে উঠুক। অযোধ্যা ও কাশীর কাজ এগিয়ে গেলেও মথুরা এখনও বাকি বলে মন্তব্য করেন তিনি।
প্রকাশ পালের দাবি, তৃতীয়বার উত্তরপ্রদেশের ক্ষমতায় এলে মথুরায় ভব্য মন্দির নির্মাণের উদ্যোগ নেবে বিজেপি। বৈঠকের পর উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও বলেন, অযোধ্যা তাঁদের হয়েছে, এবার মথুরার পালা। অখিলেশ যাদবকে নিশানা করে তিনি মন্তব্য করেন, তিনি যদি কৃষ্ণভক্ত হন তবে মথুরায় মন্দির নির্মাণে করসেবক হওয়ার প্রস্তুতি নিন। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, আসন্ন নির্বাচনী ইস্তাহারে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানা যাবে।
মথুরার বৈঠকে আরও কয়েকটি স্লোগান নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ‘অবকি বারি বাঁকে বিহারি’ এবং ‘জো হমারে শ্যাম কা নহি, বহ কিসি কাম কা নহি’ অন্যতম। রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরীও স্লোগানটির উল্লেখ করেন। বিজেপির অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে লেখা হয়, তাঁরা জয় শ্রীরাম করেছেন, তাঁরাই রাধে-রাধে করবেন এবং ২০২৭ সালে গোটা উত্তরপ্রদেশে পদ্ম ফোটানোর সংকল্প নিয়েছেন।
এর জবাবে মইনপুরির বরনাহলে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ডিম্পল যাদব বলেন, পদ্ম শুকিয়ে যাচ্ছে বলেই রাধা মায়ের নাম নেওয়া হচ্ছে। ধর্মের নামে ভোট চাওয়া ও অনুভূতিতে আঘাত করার অভিযোগ তুলে তিনি অযোধ্যায় জমি কেনাবেচা ও রাম মন্দিরের চাঁদায় অনিয়মের প্রসঙ্গও তোলেন। গোরক্ষপুরে অখিলেশ যাদবও কটাক্ষ করে বলেন, এই স্লোগানের মাধ্যমে বিজেপি নিজেই মানছে যে তাদের পদ্ম শুকিয়ে গেছে।