বুলডোজার এখন রাজ্যের অফিশিয়াল ‘ব্র্যান্ড’! উত্তরপ্রুদেশে কারখানা গড়ার মেগা ডাক যোগীর

উত্তরপ্রদেশের রাজনীতি এবং প্রশাসনের ডিকশনারিতে ‘বুলডোজার’ শব্দটি এখন আর নিছক কোনো ভারী যান্ত্রিক উপকরণ নয়, বরং তা হয়ে উঠেছে যোগী সরকারের কড়া শাসন ও প্রশাসনিক দৃঢ়তার সবচেয়ে বড় প্রতীক। আর সেই বুলডোজারকেই এবার সরাসরি উত্তরপ্রদেশের নিজস্ব ‘ব্র্যান্ড’ হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, রাজ্যের গৌতম বুদ্ধ নগরে নতুন ট্রাক্টর কারখানা গড়তে চলা আন্তর্জাতিক সংস্থা ‘সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল’ (CNH Industrial)-কে উত্তরপ্রদেশেই বুলডোজার তৈরির পরামর্শ দিয়ে প্রকাশ্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
কারখানার শিলান্যাস ও মুখ্যমন্ত্রীর আহ্বান
বৃহস্পতিবার যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (YEIDA) এলাকার সেক্টর ৮ডি-তে সিএনএইচ ইন্ডাস্ট্রিয়ালের নতুন ট্রাক্টর উৎপাদন কারখানার শিলান্যাস অনুষ্ঠান ছিল। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই মঞ্চ থেকেই শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা নিশ্চয়ই উত্তরপ্রদেশের বুলডোজারের কথা শুনেছেন। আমি সিএনএইচ-কে বলব, আপনারা যেহেতু ইতিমধ্যেই উত্তরপ্রদেশে ট্রাক্টর তৈরির কারখানা করছেন, তাই এখানে বুলডোজার তৈরির কথাও ভাবতে পারেন। দেশজুড়ে এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা আপনাআপনিই তৈরি হয়ে যাবে, কারণ বুলডোজার ইতিমধ্যেই এখানে একটি সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ড হয়ে উঠেছে।”
যোগী সরকারের এই অভিনব বার্তা ও শিল্পবান্ধব নীতি বিনিয়োগকারীদের মহলে নতুন করে সাড়া ফেলেছে। অপরাধ দমন থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন—সবক্ষেত্রেই বুলডোজারকে যেভাবে উত্তরপ্রদেশের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে, তা এবার বাণিজ্যের ক্ষেত্রেও কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার।