নথি চুরির ভয়ঙ্কর ষড়যন্ত্র! কালীঘাটের বাড়িতে হামলার আশঙ্কায় সোজা নির্বাচন কমিশনে অভিষেক

নিজের বাসভবন ও কার্যালয়ের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে সরাসরি দেশের প্রধান নির্বাচন কমিশনারের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, নির্বাচন কমিশনের বিচারাধীন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার সমস্ত নথি, রেকর্ড ও হলফনামা জোর করে ছিনিয়ে নেওয়া বা নষ্ট করে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে।
কমিশনের দরবারে ইমেল ও বিস্ফোরক অভিযোগ
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের আইনজীবী অর্ক কুমার নাগের মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের তিন শীর্ষ আধিকারিকের কাছে একটি জরুরি ই-মেল পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতে সরাসরি আঙুল তোলা হয়েছে বিজেপির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি এবং রাজ্য পুলিশের একটি নির্দিষ্ট অংশের বিরুদ্ধে।
কালীঘাটের বাসভবনে হামলার আশঙ্কা
নির্বাচন কমিশনে পাঠানো ওই ই-মেলে দক্ষিণ কলকাতার ১২১, কালীঘাট রোডের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়কে ঘিরে সাম্প্রতিক বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনার উল্লেখ করা হয়েছে। আইনজীবীর দাবি, গত ৬ ও ৭ নভেম্বরের মধ্যবর্তী রাতে ওই বাড়ি ও কার্যালয়ের চত্বরে একদল সন্দেহভাজন ব্যক্তি হামলা চালায়। এই ঘটনাকে কোনো সাধারণ বা বিচ্ছিন্ন আক্রমণ বলে মানতে নারাজ অভিষেক শিবির। বরং নির্বাচন কমিশনের বিচারাধীন ‘ডিসপিউট কেস নম্বর ১ অব ২০২৬’-এর মামলার জন্য তৃণমূলের প্রস্তুত করা সমস্ত গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ড হাতানোর উদ্দেশ্যেই এই সুপরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে জোরালো আশঙ্কা প্রকাশ করা হয়েছে।