বিহারে মহাসড়ক তৈরিতে এবার নদীর পলি! নিতিন গড়করির মেগা প্ল্যানে একসঙ্গে কাটবে বন্যার ভয়াল অভিশাপ?

বিহারের পরিকাঠামো উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিল কেন্দ্র ও রাজ্য সরকার। বিহারে জাতীয় মহাসড়ক (National Highway) নেটওয়ার্ক সম্প্রসারণ ও মজবুত করতে এবার মূল উপাদান হিসেবে ব্যবহার করা হবে রাজ্যের বিভিন্ন নদী ও জলাধার থেকে উত্তোলিত পলি এবং মাটি।

মঙ্গলবার ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এবং বিহার সরকারের মধ্যে এই সংক্রান্ত একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

পরিবেশ রক্ষা ও বন্যামুক্তির মেগা রূপরেখা: এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। তিনি জানান, নদীর ত তলদেশে জমে থাকা পলি তুলে এনে রাস্তা তৈরিতে কাজে লাগালে একদিকে যেমন নদীগুলির জলধারণ ক্ষমতা বাড়বে, তেমনই পরিবেশ রক্ষাও সম্ভব হবে। এছাড়া কাঁচামাল পরিবহনের খরচ এবং নির্মাণকাজ সম্পন্ন করার সময়— দুটিই অনেকটা কমবে।

কেন্দ্রীয় মন্ত্রী বিহারের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে জানান, প্রতি বছর বন্যার কারণে বিহারে আনুমানিক প্রায় ১০,০০০ কোটি টাকার বিপুল সম্পত্তি ও ফসলের ক্ষয়ক্ষতি হয়। সরকারের এই যৌথ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য হলো পর্যায়ক্রমে বিহারকে চিরতরে বন্যামুক্ত করা। নদী ড্রেজিংয়ের মাধ্যমে উপচে পড়া জল নিয়ন্ত্রণ এবং সেই পলি দিয়ে মজবুত হাইওয়ে তৈরি— এই দ্বি-মুখী কৌশলে বিহারের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা উভয়ই এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।