বিচ্ছেদের পর সম্মতিসূচক সম্পর্ক কখনোই ধর্ষণ নয়! পুরুষের স্বাধীনতা ও অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়

প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের মধ্যে পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা শারীরিক সম্পর্ক বিচ্ছেদের পর কখনোই ‘ধর্ষণ’ হিসেবে গণ্য হতে পারে না—একটি মামলার শুনানিতে স্পষ্ট ও নজিরবিহীন রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর এই ধরনের আচরণকে অপরাধ হিসেবে গণ্য করলে তা পুরুষের ব্যক্তিগত স্বাধীনতা, স্বাধীন ইচ্ছা এবং স্বাতন্ত্র্যের ওপর সরাসরি হস্তক্ষেপ করে।

বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে, আইনপ্রণেতাদের উদ্দেশ্য কখনোই এমন ছিল না যে, দুইজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে সম্মতিক্রমে হওয়া সম্পর্ক পরবর্তীতে ভেঙে গেলে অতীত থেকে তার ওপর অপরাধমূলক তকমা সেঁটে দেওয়া হবে। আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের দৃষ্টিভঙ্গি বজায় থাকলে কোনো মানুষকে জোরপূর্বক চিরকালের জন্য একটি সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকতে বাধ্য করা হবে, যা সংবিধানপ্রদত্ত মৌলিক স্বাধীনতার পরিপন্থী।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পর তা ভেঙে যাওয়া সংক্রান্ত একটি মামলার নিষ্পত্তি করতে গিয়েই শীর্ষ আদালত এই ঐতিহাসিক পর্যবেক্ষণটি পেশ করে। আদালত স্মরণ করিয়ে দেয়, সম্মতিক্রমে গড়ে ওঠা ভালোবাসার সম্পর্ক নানা কারণে পরবর্তীতে ভেঙে যেতেই পারে। কিন্তু বিচ্ছেদের পর কেবল সম্পর্কের ইতি টানার কারণে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অপরাধ চাপিয়ে দেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত বা আইনি দিক থেকে সঠিক নয়। আদালতের এই তাৎপর্যপূর্ণ মন্তব্য ভবিষ্যতে এই ধরনের বহু মামলার ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচন করবে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা।