দেহ টুকরো করে গঙ্গায় ভাসিয়েছিল খুনিরা! বাবার কুশপুতুল দাহ করে শেষকৃত্য নাবালক ছেলের, শোকের ছায়া মুর্শিদাবাদে

খুনের পর দেহ টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার অভিযোগে সম্পূর্ণ দেহ না মেলায় শেষ পর্যন্ত কুশপুতুল দাহ করেই বাবার শেষকৃত্য সম্পন্ন করল নাবালক সন্তান। রবিবার এই মর্মান্তিক ও আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান শ্মশান। নিহত ওই ব্যক্তির নাম সুজিত মণ্ডল। স্থানীয় বিজেপি কর্মী ও নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি।

সূত্রের খবর, গত ২৮ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন ধুলিয়ান এলাকার সুজিত মণ্ডল। পরবর্তীতে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে এবং খুনের পর দুষ্কৃতীরা তাঁর দেহ টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেয় বলে দাবি। দেহের কিছু অংশ উদ্ধার হলেও সম্পূর্ণ দেহ আজও মেলেনি। এই পরিস্থিতিতে প্রথা মেনে শেষকৃত্য সারতে কুশপুতুলকেই প্রতীকী দেহ হিসেবে দাহ করে বাবাকে চিরবিদায় জানায় তাঁর নাবালক ছেলে।

রবিবার ধুলিয়ান শ্মশানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব। মালদা দক্ষিণ জেলার সহ-সভাপতি মিলন মণ্ডল জানান, সম্পূর্ণ দেহ না পাওয়ায় প্রতীকীভাবে কুশপুতুল দাহ করে সুজিত মণ্ডলকে চিরবিদায় জানানো হয়েছে। তিনি বলেন, “যেহেতু সুজিতের দেহ পাওয়া যায়নি, তাই আজ প্রতীকীভাবে তাঁকে চিরবিদায় জানানো হল। সুজিতের পরিবারের পাশে দাঁড়াতে আমরা এখানে এসেছি। দ্রুত যাতে তাঁর পরিবারকে সরকারিভাবে আর্থিক সাহায্য করা হয়, সে বিষয়ে দলের তরফে অনুরোধ জানানো হবে।”

নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বও। ঘটনার তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবির পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে দল।