বিএলও রক্ষা কমিটির বিক্ষোভে পড়ল কোপ! নির্দেশ অমান্য করলে সাসপেনশনের হুঁশিয়ারি কমিশনের

রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে যে কোনও ধরনের বেআইনি জমায়েতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিশনের স্পষ্ট নির্দেশ— অনুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। যদি কেউ এই নির্দেশ অমান্য করার চেষ্টা করেন, তবে তাঁকে তৎক্ষণাৎ গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়েছে প্রশাসনকে।

এমনকি খোদ মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে যাওয়ার ক্ষেত্রেও আর অবাধ প্রবেশাধিকার থাকছে না; এখন থেকে সেখানে যেতে হলে আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অন্যদিকে, বিএলও (BLO) রক্ষা কমিটি মঞ্চকে ঘিরেও কড়া সতর্কতা জারি করা হয়েছে। কমিশন সূত্রে খবর, যদি ফের কোনওভাবে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখানোর চেষ্টা করা হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে সাসপেনশন বা সাময়িক বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং বিশৃঙ্খলা রুখতে কমিশনের এই ‘জিরো টলারেন্স’ নীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।