বারাণসীতে ভয়াবহ বাজি বিস্ফোরণ! ধসে পড়ল দোতলা বাড়ি, ধ্বংসস্তূপের নিচে আটকে একাধিক

বারাণসীর সারনাথ এলাকার পঞ্চকোশী অঞ্চলে এক ভয়াবহ বাজি বিস্ফোরণে সম্পূর্ণ ধসে পড়েছে একটি দোতলা বাড়ি। বৃহস্পতিবারের এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বাড়িটির ভেতরে অবৈধভাবে বাজি তৈরি বা মজুত করা হচ্ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে আস্ত দোতলা বাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে।
এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে দুজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও এক মহিলা সেখানে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য এনডিআরএফ (NDRF) এবং এসডিআরএফ (SDRF)-এর বিশেষ দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এই বিস্ফোরণের নেপথ্যে সুনির্দিষ্ট কী কারণ ছিল এবং নিরাপত্তা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।