বাবা-ছেলের অবিশ্বাস্য চুরি চক্র! তালা ও লকার ভাঙার সরঞ্জাম উদ্ধার, বাগদায় গ্রেফতার ৪

উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনায় অবশেষে বিরাট সাফল্য পেল পুলিশ। একটি বড়সড় চুরির চক্রের পর্দাফাঁস করে বাবা ও তার নাবালক ছেলে-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে গেটের তালা এবং লকার ভাঙার বিশেষ সরঞ্জাম।
যেভাবে সামনে এল চাঞ্চল্যকর তথ্য
সাম্প্রতিক সময়ে বাগদা থানা এলাকায় পরপর কয়েকটি চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই ঘটনাগুলির তদন্ত করতে গিয়েই বাগদা পশ্চিম পাড়ার বাসিন্দা ইমান আলী সর্দারের নাবালক পুত্রকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
নাবালককে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশকর্মীরা কার্যত হতবাক হয়ে যান। সে জানায়, এলাকার চুরিগুলির নেপথ্যে রয়েছে তাদেরই পরিবারের সদস্যরা। তারা মিলেই নাকি একের পর এক চুরি করত।
বাবা-সহ গ্রেফতার ৩, নাবালককে পাঠানো হল জুভেনাইল কোর্টে
নাবালকের স্বীকারোক্তির পরই দ্রুত ধরপাকড় শুরু করে পুলিশ। সোমবার রাতে নাবালকের বাবা ইমন আলী সরদার, বাপন সরদার ও খাইরুল সরদারকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় এই তিন চোর কয়েকটি চুরির ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত গেটের তালা ও লকার ভাঙার সরঞ্জাম উদ্ধার হয়েছে।
আদালতে পেশ
গ্রেফতার হওয়া তিন চোরকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে বাগদা থানার পুলিশ। অন্যদিকে, নাবালককে বারাসাত জুভেনাইল আদালতে পাঠানো হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, তা জানতে পুলিশি হেফাজতে নিয়ে ধৃতদের আরও জেরা করা হবে।