“বাবার সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক, জানে মা-ও!”-প্রাক্তন মন্ত্রীর পরিবারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

পঞ্জাব পুলিশে চাঞ্চল্য। রাজ্যের প্রাক্তন ডিজিপি মহম্মদ মুস্তাফা ও তাঁর স্ত্রী, মেয়ে এবং পুত্রবধূর বিরুদ্ধে ছেলে আকিল আখতারকে হত্যা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে। গত ১৬ অক্টোবর গভীর রাতে হরিয়ানার পঞ্চকুলার বাসভবনে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের আইনজীবী আকিল আখতারের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে আকিলের মৃত্যুর কারণ হিসেবে ‘ওষুধের ওভারডোজ’কে দায়ী করা হলেও, প্রতিবেশীর করা গুরুতর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পঞ্চকুলা এমডিসি থানা পুলিশ।
প্রতিবেশীর বিস্ফোরক অভিযোগ
লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, আকিলের প্রতিবেশী শামসুদ্দিন পঞ্চকুলার পুলিশ কমিশনারের কাছে একটি চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছেন। শামসুদ্দিনের দাবি, আকিলের স্ত্রী এবং বাবা (প্রাক্তন ডিজিপি মহম্মদ মুস্তাফা)-এর মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। এই ষড়যন্ত্রে আকিলের মা, অর্থাৎ পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানাও জড়িত ছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মহম্মদ মুস্তাফা, তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা, পুত্রবধূ এবং মেয়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে।
মৃত্যুর আগে আকিলের ভিডিও বার্তা
মৃত্যুর পর পরই আকিলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা এই মামলার রহস্য আরও বাড়িয়েছে। ভিডিওটিতে আকিলকে বলতে শোনা গিয়েছে যে, পরিবারের সদস্যরা তাকে হত্যার ষড়যন্ত্র করছে।
জানা যায়, গত ১৬ অক্টোবর রাত ৯টা নাগাদ পঞ্চকুলায় আকিলের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা পুলিশকে জানান, আকিল কিছু ওষুধ খেয়েছিলেন এবং তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত সেক্টর ৬-এর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে আনা হয়েছিল।
মুস্তাফা পরিবারের রাজনৈতিক পরিচিতি
মহম্মদ মুস্তাফা ১৯৮৫ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন এবং পাঁচটি বীরত্বের পুরস্কারও পেয়েছেন। ২০২১ সালে ডিজিপির পদ থেকে অবসর নেওয়ার পরে তিনি কংগ্রেসে সক্রিয় হন এবং নভজ্যোৎ সিং সিধুর ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশ করে তাঁর উপদেষ্টাও ছিলেন। মুস্তাফার স্ত্রী রাজিয়া সুলতানা ছিলেন চরণজিৎ সিং চান্নির কংগ্রেস সরকারের ক্যাবিনেট মন্ত্রী। তাদের পুত্রবধূ জয়নব আখতার প্রায় চার বছর আগে পঞ্জাব ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন হন।
বর্তমানে এই হাই-প্রোফাইল পরিবারের বিরুদ্ধে ছেলের মৃত্যুর ষড়যন্ত্রে জড়িত থাকার মামলা দায়ের হওয়ায় পুরো পঞ্জাব ও হরিয়ানায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে।