রাস্তার উচ্চতা বেড়ে যাওয়ায় বাড়ি কি নিচু হয়ে গিয়েছে? বর্ষায় ঘরে জল ঢুকছে? বাড়ি ভেঙে নতুন করে গড়ার কথা ভাবার আগে একবার বর্ধমানের পোলেমপুরের এই ঘটনাটি দেখে নিন। আধুনিক ‘হাউস লিফটিং জ্যাক’ প্রযুক্তির সাহায্যে ২৫ বছরের পুরনো একটি আস্ত দোতলা বাড়িকে মাটি থেকে ৩ ফুট উপরে তুলে দিয়ে তাক লাগিয়ে দিয়েছে একটি সংস্থা। এই অবিশ্বাস্য কাণ্ড দেখতে ভিড় জমাচ্ছেন কাতারে কাতারে মানুষ।
পোলেমপুরের বাসিন্দা উত্তম ঘোষ ২৫ বছর আগে নিজের শখের বাড়িটি তৈরি করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে সামনের রাস্তা উঁচু হওয়ায় নিকাশির সমস্যায় ভুগছিলেন তিনি। সামান্য বৃষ্টিতেই ঘরে জল ঢুকে যেত। বাড়ি ভাঙতে না চেয়ে তিনি সমাজমাধ্যমে এই আধুনিক প্রযুক্তির সন্ধান পান। উত্তমবাবু জানান, মাত্র ২৩০ টাকা প্রতি স্কোয়্যার ফুট খরচে এবং মাত্র এক মাসের ব্যবধানে তাঁর বাড়ির উচ্চতা ৩ ফুট বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে নতুন বাড়ি তৈরির তুলনায় খরচ ও সময় দুই-ই বেঁচেছে।
এই প্রযুক্তির বিশেষত্ব হল, বাড়ির কাঠামো বা দেওয়ালের কোনো ক্ষতি হয় না। সংস্থার প্রতিনিধি সুরেশ মাহাতো জানান, বাড়ির মেঝেটি শুধু খুঁড়তে হয়, এরপর কয়েক’শ জ্যাকের সাহায্যে ধীরে ধীরে বাড়িটিকে উপরে তোলা হয়। বাড়ির দোতলায় কোনো আসবাবপত্র সরানোরও প্রয়োজন পড়ে না। এমনকি সংস্থাটি ১৫ বছরের গ্যারান্টিও দিচ্ছে। ৩ ফুটের বেশি উচ্চতা বাড়াতে চাইলে খরচ সামান্য বাড়ে। প্রযুক্তির এই জয়জয়কার এখন জেলাজুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।





