বাড়ির উঠোনে গল্প করছিলেন মা-মেয়ে! আচমকা শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারল হাতি, বন দফতরের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাট এলাকায় ফের ঘটল ভয়াবহ বুনো হাতির হামলা। বুধবার রাতভর পৃথক দুটি ঘটনায় এক শিশু-সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বন দফতরের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রথম ঘটনা: বাজার থেকে ফেরার পথে হামলা
বুধবার রাতে প্রথম ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার মাদারিহাটের ছেকামারী এলাকায়। মৃত ব্যক্তির নাম কাদের আলি।

মধ্য ছেকামারী এলাকার বাসিন্দা কাদের আলি বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করে ঘরে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসতেই এক মাকনা হাতি আচমকা তাঁর ওপর হামলা চালায়। এই হামলায় কাদের আলি মারাত্মকভাবে জখম হন। এলাকার বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

দ্বিতীয় ঘটনা: মা ও শিশুকন্যাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড়!
এরপর গভীর রাতে ঘটে আরও একটি মর্মান্তিক ঘটনা। মধ্য খয়েরবাড়ি এলাকায় নিজের বাড়ির উঠোনে দেড় বছরের কন্যা সন্তান লক্ষ্মী মুণ্ডাকে কোলে নিয়ে অন্যদের সঙ্গে গল্প করছিলেন মা সোনিয়া মুণ্ডা। সেই সময় আচমকা বুনো হাতি তাদের উপর হামলা করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতিটি মা ও শিশুকন্যাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে তুলে নেয় এবং বাড়ির বাইরে সজোরে আছড়ে মারে। ঘটনাস্থলেই মা ও শিশু সন্তানের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে
এলাকার মানুষজনের দাবি, প্রায় প্রতিদিন সন্ধে হতে না হতেই এলাকায় হাতির উপদ্রব শুরু হচ্ছে। হাতি একদম রাস্তার উপর ও বাড়ির মধ্যে চলে আসছে এবং মানুষের ওপর হামলা চালাচ্ছে। এই ঘটনায় এলাকার বাসিন্দারা চরম আতঙ্কিত।

স্থানীয়দের অভিযোগ, বুনো হাতি তাড়াতে বন দফতর পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। হাতির হামলা ও প্রাণহানির ঘটনা বাড়লেও বন দফতরের এই উদাসীনতা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বাড়ছে।