বজ্রবিদ্যুৎসহ ঝড়ের তাণ্ডব! দক্ষিণ থেকে উত্তরবঙ্গ জুড়ে জারি চরম আবহাওয়ার সতর্কতা

রাজ্যের আবহাওয়া নিয়ে এল আলিপুর আবহাওয়া দপ্তরের নতুন আপডেট। ঝাড়খণ্ডে নিম্নচাপের অবস্থান সরে যাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এর মাঝেই একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়াতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং সহ উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী শনিবার থেকে উত্তরবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুরের আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানানো হয়েছে।