বকেয়া সহ কি ৬৯ হাজার টাকা হবে ন্যূনতম বেতন? ২০২৭-এর আগেই বড় ঘোষণা!

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৭ সালে কার্যকর হতে চলেছে বহুচর্চিত অষ্টম বেতন কমিশন। নতুন বেতন কাঠামোর সুপারিশ জমা দেওয়া এবং তা অনুমোদনের প্রক্রিয়া ইতিমধ্যেই গতি পেয়েছে। ২০২৫ সালের ৩ নভেম্বর গঠিত এই কমিশনের হাতে ১৮ মাসের সময়সীমা রয়েছে, যার ভিত্তিতে আগামী ২০২৭ সালের মে থেকে জুনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা রয়েছে। কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাই, সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক পুলক ঘোষ এবং সদস্য-সচিব পঙ্কজ জৈন।

নিয়ম অনুযায়ী, কমিশন কেবল বেতন, পেনশন ও ভাতার সংশোধনের সুপারিশ পেশ করবে। এরপর সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা ও সিলমোহর পড়ার পরেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো কবে থেকে এর সুফল পাবেন কর্মীরা? সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ বছর অন্তর বেতন কাঠামো বদলের নিয়ম মেনে নতুন সুপারিশ ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হতে পারে। তেমনটা হলে ওই দিন থেকে বাস্তবায়নের দিন পর্যন্ত কর্মীরা বকেয়া বা এরিয়ার হাতে পাবেন।

এদিকে সবচেয়ে বেশি চর্চা চলছে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ বা গুণক নিয়ে, যার ওপর নির্ভর করবে নতুন মূল বেতন। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। কিন্তু মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির চাপ মাথায় রেখে এবার কর্মী সংগঠন ও ইউনিয়নগুলির দাবি তার চেয়ে অনেক বেশি। এনসি-জেসিএম (NC-JCM), ভারত পেনশনার্স সমাজ এবং এফএনপিও ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব পেশ করেছে। এই হিসাব অনুযায়ী ন্যূনতম মূল বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ৬৯ হাজার টাকা হতে পারে। অন্যদিকে, মিনিস্টেরিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন (MSA) ৩.৬১ ফ্যাক্টরের ভিত্তিতে ন্যূনতম বেতন প্রায় ৬৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে। পাশাপাশি, ইন্ডিয়ান রেলওয়েজ টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (IRTSA) লেভেল ১-এ ২.৯২ থেকে লেভেল ১৭-১৮-এ ৪.৩৮ পর্যন্ত স্তরভিত্তিক গুণকের প্রস্তাব দিয়েছে। তবে এগুলি সবই কর্মী সংগঠনগুলির দাবি মাত্র, সরকার বা কমিশন এখনও চূড়ান্তভাবে কোনো ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদন করেনি।