ফ্রি টিকিট বুক করেও বাসে উঠছেন না? মহিলাদের অনলাইন বুকিংয়ে কড়া লাগাম, বড় পদক্ষেপ মন্ত্রীর

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থায় অনলাইন টিকিট বুকিংয়ে এবার কড়া নিয়ন্ত্রণ আনতে চলেছে পরিবহণ দফতর। বিনামূল্যে ভ্রমণের সুযোগের অপব্যবহার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শীঘ্রই এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

কী অভিযোগ উঠছিল?

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার সুবিধা চালু হওয়ার পর থেকেই অনলাইন বুকিং ঘিরে নানা অনিয়মের অভিযোগ সামনে আসছিল। অভিযোগ, বহু ক্ষেত্রে অনলাইনে বিনামূল্যে টিকিট বুক করা হলেও নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট যাত্রীরা বাসে উঠছেন না। এর ফলে আসন সংরক্ষিত থাকলেও বাসে বহু সিট ফাঁকা থেকে যাচ্ছে, আর অন্যদিকে প্রকৃত প্রয়োজন থাকা সত্ত্বেও টিকিট না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

খবরের জের ও নতুন নিয়মের ইঙ্গিত

এই অনিয়ম ও যাত্রী হয়রানির বিষয়টি নিয়ে শনিবার তথ্য যাচাই করে প্রতিবেদন সম্প্রচারিত হয়। এরপরই পদক্ষেপের কথা জানান পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁর বক্তব্য, সাধারণ যাত্রীদের হয়রানি কমানো এবং সরকারি পরিষেবার অপব্যবহার রুখতেই বুকিং ব্যবস্থায় শৃঙ্খলা আনা জরুরি।

পাশাপাশি এই বিষয়টি নিয়ে বিরোধীদের নিশানা করে পরিবহণমন্ত্রীর দাবি, সরকারের ভাবমূর্তি নষ্ট করে বিড়ম্বনায় ফেলতেই বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করার চেষ্টা করছে। তবে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা অটুট রেখেই অনলাইন বুকিংয়ে নতুন বিধিনিষেধ আনা হবে বলে জানানো হয়েছে; এ বিষয়ে দ্রুত পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।