দিল্লির সঙ্গে ঘুচছে দূরত্ব! অরুণাচলে ৫,৬১০ কোটির প্রকল্পের সূচনা করে কী দাবি অমিত শাহের?

গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল— বিশেষত অরুণাচল প্রদেশে পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়নে বড়সড় পরিবর্তন এসেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর ফলে দেশের রাজধানী দিল্লির সঙ্গে এই অঞ্চলের দূরত্ব অনেকটাই কমে এসেছে বলে রবিবার ইটানগরের এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। পাশাপাশি অরুণাচল প্রদেশে ৫,৬১০ কোটি টাকার প্রকল্পের সূচনাও করা হয়েছে।
‘সহকারিতা সমারোহ’-এ কী বললেন শাহ?
ইটানগরের দোরজি খান্ডু কনভেনশন হলে আয়োজিত ‘সহকারিতা সমারোহ’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ জানান, উত্তর-পূর্ব ভারতে পরিকাঠামোর ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। সড়ক, রেল ও বিমান যোগাযোগের উল্লেখযোগ্য অগ্রগতির ফলে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি দেশের উন্নয়নের মূল ধারার আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে।
উন্নয়নের অগ্রাধিকার ও মূল ক্ষেত্র
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকার উত্তর-পূর্বাঞ্চলকে তাদের উন্নয়ন কর্মকাণ্ডের শীর্ষ অগ্রাধিকারের তালিকায় রেখেছে। পরিকাঠামো সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, শিল্পের প্রসার এবং পর্যটন খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।