ফের পাক সেনার গাড়িতে হামলা, মৃত্যু একাধিক, নিজের ঘর সামলাতে ব্যর্থ শেহবাজ?

আফগানিস্তান সীমান্তের উত্তেজনার মধ্যেই এবার নতুন করে হামলার কবলে পড়ল পাকিস্তানি সেনা। বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (BLF) সোমবার দুপুরে প্যারামিলিটারি (আধাসামরিক) বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এই ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং গুরুতর জখম হয়েছেন আরও ২ জন জওয়ান।
মন্ড এলাকার মাহির এবং রুদিগের মধ্যে এই আক্রমণ ঘটেছে বলে খবর। বারবার এই ধরনের জঙ্গি হামলা এবং অভ্যন্তরীণ আক্রমণের মুখে পড়ায় পাকিস্তানের প্রতিরক্ষা ও রাজনৈতিক মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বারবার হামলার শিকার হচ্ছে পাক সেনা
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বর্তমানে তলানিতে। সীমান্তে দুই দেশের মধ্যে চলছে তীব্র ঠোকাঠুকি, যার ফলে প্রায়শই পাক সেনার উপর হামলার ঘটনা ঘটছে। এই কিছুদিন আগেই আফগান সীমান্তে পাক সেনার উপর বড়সড় হামলা হয়, যেখানে বহু জাওয়ান প্রাণ হারান।
বালোচিস্তানের পাশাপাশি ওই অঞ্চলে এর আগেও একাধিকবার পাক সেনা গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের মতো আক্রমণের শিকার হয়েছে। কিন্তু পাক আর্মি চিফ আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কেউই এই সমস্যা সমাধানে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেননি। বরং বারবার তারা এই হামলার জন্য আফগানিস্তান এবং ভারতের উপর দোষ চাপানোর চেষ্টা করেছেন। যদিও ভারত এই সমস্যাকে পাকিস্তানের ‘সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়’ বলে তীব্রভাবে উড়িয়ে দিয়েছে।
PoK-তেও বিদ্রোহের আগুন
দেশের ভেতরের পরিস্থিতিও পাকিস্তানের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। পাক অধিকৃত কাশ্মীর (PoK) অঞ্চলে তীব্র আন্দোলন চলছে। সেখানকার আন্দোলন দমন করতে গিয়ে একাধিকবার পাক সেনা স্থানীয়দের হামলার শিকার হয়েছে এবং বেশ কয়েকজন সেনার প্রাণহানিও ঘটেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা এবং PoK-এর সাধারণ মানুষের উপর পাক সেনার নিয়মিত অত্যাচারের ফলস্বরূপই সেনাদের উপর আক্রমণের সংখ্যা বাড়ছে।
এখন দেখার, এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং আর্মি চিফ আসিম মুনির দেশের ঘরোয়া পরিস্থিতি ঠিক কীভাবে সামাল দেন, নাকি বরাবরের মতো আবারও এই হামলার দায় ভারতের দিকে ঠেলে দেওয়ার পুরনো এবং ব্যর্থ কৌশল গ্রহণ করেন।