ফের দেশে নোটবন্দি? ৫০০ ও ২০০০ টাকার নোট বাতিলের দাবিতে মোদিকে চিঠি চন্দ্রবাবুর, বাজারে তোলপাড়!

২০১৬ সালের ৮ নভেম্বর দেশের অর্থনীতিতে ডেকে আনা হয়েছিল এক ঐতিহাসিক ঝড়। জাল টাকা ও কালো টাকার সাম্রাজ্য ধ্বংস করতে রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছিল তৎকালীন ৫০০ ও ১০০০ টাকার নোট। সেই ঘটনার ঠিক এক দশক পর ২০২৬ সালে দাঁড়িয়ে ফের একবার দেশে নোটবন্দির দাবি তুলে শোরগোল ফেলে দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা এনডিএ (NDA)-র অন্যতম প্রধান শরিক চন্দ্রবাবু নায়ডু।
দুর্নীতির বিষবৃক্ষ সমূলে উৎপাটিত করতে বাজার থেকে ৫০০ এবং ২০০০ টাকার মতো বড় অঙ্কের সমস্ত নোট সম্পূর্ণ বাতিল করার জোর সওয়াল করেছেন তেলুগু দেশম পার্টির (TDP) এই শীর্ষ নেতা।
মোদিকে চিঠি ও চন্দ্রবাবুর যুক্তি: চন্দ্রবাবু নায়ডু কাগজের নোট ব্যবস্থার বদলে ডিজিটাল কারেন্সি এবং প্রযুক্তিচালিত শাসন ব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়েছেন। তাঁর মতে, ডিজিটাল লেনদেনই হলো আগামীর ভবিষ্যৎ। ইতিপূর্বে রিজার্ভ ব্যাঙ্ক ২০২৩ সালে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেও তা এখনও আইনত স্বীকৃত রূপেই রয়েছে। তবে চন্দ্রবাবুর দাবি, বড় অঙ্কের নোট বাজারে থাকায় দুর্নীতিগ্রস্তরা সহজেই কালো টাকা জমা করার সুযোগ পায়।
বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করে তিনি জানান, “ডিজিটাল কারেন্সি সংক্রান্ত রিপোর্টে আমি আগেই নিজের স্পষ্ট মতামত জানিয়েছিলাম। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যত দ্রুত সম্ভব বিষয়টি খতিয়ে দেখতে। আজও একই দাবি জানাচ্ছি। ৫০০, ১০০০ ও ২০০০ টাকার নোট পুরোপুরি বন্ধ করে কেবল ১০০ ও ২০০ টাকার নোট চালু রাখা উচিত।”
সম্পদ সৃষ্টি ও দারিদ্র দূরীকরণের মন্ত্র: এনডিএ শরিক প্রধানের দাবি, আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ ঘটাতে পারলে দেশে সম্পদ সৃষ্টি করা মোটেও কঠিন কাজ নয়। একই সঙ্গে দেশের দারিদ্র দূরীকরণ প্রক্রিয়াও অনেক সহজ হয়ে উঠবে। তাঁর মতে, বর্তমান ব্যবস্থার বহু জায়গায় দুর্নীতি থাবা বসিয়েছে, তাই এই চক্র ভাঙতে বড় অঙ্কের নোট বাতিলের বিকল্প নেই।
নোটবন্দির ১০ বছর পূর্তিতে চন্দ্রবাবু নায়ডুর এই বিস্ফোরক প্রস্তাব ঘিরে এখন জাতীয় রাজনীতি থেকে শুরু করে আর্থিক মহলে তীব্র জল্পনা ও জোর চর্চা শুরু হয়েছে।