প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে মেয়ের! ক্ষুব্ধ বাবা জীবিত কন্যারই সেরে ফেললেন শেষকৃত্য, চাঞ্চল্য বিহারে

পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে জীবিত কন্যারই শেষকৃত্য সম্পন্ন করে সম্পর্ক ছিন্ন করলেন বাবা। বিহারের ভাগলপুর জেলার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র শোরগোল ও আলোচনার সৃষ্টি হয়েছে। ভাগলপুরের কাহালগাঁও রসালপুর থানার অন্তর্গত চান্নো গ্রামের বাসিন্দা অনুজ পাসওয়ান প্রতীকীভাবে তাঁর মেয়ের শেষকৃত্য সেরে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছেন বলে দাবি করেছেন।

সূত্রের খবর, অনুজ পাসওয়ানের মেয়ে রিমঝিম সম্প্রতি তার প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। জানা গিয়েছে, তাঁরা একই কলেজে পড়তেন এবং একসঙ্গে টিউশনে যেতেন; সেখান থেকেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরিবারের সদস্যদের দাবি, যুবকটি বেকার এবং ভিন্ন সম্প্রদায়ের হওয়ায় তাঁরা এই সম্পর্কের তীব্র বিরোধিতা করেছিলেন। কিন্তু পরিবারের আপত্তি ও অনুমতি উপেক্ষা করেই রিমঝিম নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং প্রেমিকের সঙ্গে ঘর ছাড়েন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েকে ফিরিয়ে আনার জন্য বারবার বোঝানো ও অনুরোধ করা হলেও রিমঝিম রাজি হননি। এমনকি ফোনের মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে প্রেমিককেই স্বামী হিসেবে গ্রহণ করেছেন এবং তাঁর সঙ্গেই বাকি জীবন কাটাবেন। মেয়ের এই অনড় অবস্থানের পর পরিবারের সব আশা ভেঙে পড়ে বলে দাবি আত্মীয়দের।

এরপরই মেয়েকে মৃত ধরে নিয়ে অনুজ পাসওয়ান ও পরিবারের সদস্যরা জীবিত অবস্থাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন এবং রক্তের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। পরিবারের বক্তব্য, মেয়ে নিজেই যখন সব সম্পর্ক ছিন্ন করেছে, তখন তার সঙ্গে আর কোনও যোগাযোগ রাখবেন না তাঁরা। এই ঘটনায় পুলিশ বা থানায় কোনও অভিযোগ দায়ের না করার সিদ্ধান্তও নিয়েছে পরিবারটি।