ইউপি ভোটের আগে বড় পদক্ষেপ অখিলেশের! কংগ্রেসের সঙ্গে আসন রফায় ৪ সদস্যের কমিটি গঠন, কারা আছেন তালিকায়?

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগির প্রক্রিয়ায় গতি আনল সমাজবাদী পার্টি (সপা)। ইন্ডিয়া জোট (INDIA bloc)-এর শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করলেন সপা সভাপতি অখিলেশ যাদব। রবিবার দলের তরফে জারি করা বিবৃতিতে এই কমিটির সদস্যদের নাম জানানো হয়েছে।

দলীয় বিবৃতি অনুযায়ী, এই চার সদস্যের কমিটিতে রয়েছেন সমাজবাদী পার্টির জাতীয় সাধারণ সম্পাদক রাম গোপাল যাদব, রাজ্য সভাপতি শ্যাম লাল পাল, সাংসদ রাজীব রায় এবং সাংসদ ইকরাম হাসান। আসন্ন বিধানসভা নির্বাচনে জোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা ও সমন্বয় সাধনের পাশাপাশি পুরো সমঝোতা প্রক্রিয়ার তত্ত্বাবধান করবে এই কমিটি। উত্তরপ্রদেশে শাসক দল বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্য ও নির্বাচনী রণকৌশল সাজাতে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিল্লিতে দুই দিনের বৈঠক

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আসন বণ্টন নিয়ে আলোচনা করতে সোমবার থেকে নয়াদিল্লিতে দুই দিনের বৈঠকে বসতে চলেছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে সম্ভাব্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইন্ডিয়া জোটের এই দুই মিত্র দলের মধ্যে এটিই হতে চলেছে প্রথম দফার আনুষ্ঠানিক আলোচনা।

আসন নিয়ে অঙ্ক ও অতীতের হিসাব

আসন ভাগাভাগি ঘিরে ইতিমধ্যেই দুই শিবিরের মধ্যে অঙ্কের টানাপোড়েন শুরু হয়েছে। গত সপ্তাহে সপা প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব দাবি করেছিলেন যে কংগ্রেস ১৮১টি আসন চেয়েছে। অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশের মতে, সপা প্রাথমিকভাবে কংগ্রেসকে মাত্র ২৪টি আসন ছাড়ার প্রস্তাব দিতে পারে।

উল্লেখ্য, ২০১৭ এবং ২০২২ সালের বিধানসভা নির্বাচনে পরপর ধাক্কা খাওয়ার পর ২০২৭-এ ঘুরে দাঁড়াতে মরিয়া সমাজবাদী পার্টি। ২০১৭ সালে সপা ও কংগ্রেস জোট বেঁধে লড়ে যথাক্রমে ৪৭ ও ৭টি আসনে জিতেছিল। ২০২২ সালে দুই দল আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে সপা ১১১টি আসনে জেতে, আর কংগ্রেস মাত্র ২টি আসনে সীমাবদ্ধ থাকে। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ব্যানারে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে সপা ৩৭টিতে এবং কংগ্রেস ৬টি আসনে জয়লাভ করে। ফলে আসন্ন বিধানসভা ভোটে জোটের আসন সমঝোতার দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহল।