‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলেই খান্ত নন, এবার রিলায়েন্সের বিজেপি-যোগের নথি শেয়ার করে তোপ মাস্কের!

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা ‘স্টারলিঙ্ক’-এর ব্যবসা শুরু করাকে কেন্দ্র করে বিশ্বের দুই শিল্পপ্রধান ইলন মাস্ক এবং মুকেশ আম্বানির দ্বন্দ্ব এবার চরম রূপ নিল। এতদিন লাইসেন্স সংক্রান্ত বিষয়ে দ্বিমত থাকলেও, এবার সরাসরি রিলায়েন্স গোষ্ঠীর সাথে ক্ষমতাসীন দল বিজেপির রাজনৈতিক অনুদান ও প্রচারের যোগসূত্রের পুরনো একাধিক আন্তর্জাতিক ও জাতীয় সংবাদ প্রতিবেদন শেয়ার করে বিতর্কের আগুনে ঘি ঢাললেন টেসলা কর্তা।

শনিবার নিজের এক্স (সোশ্যাল মিডিয়া) হ্যান্ডেল থেকে ধারাবাহিক একাধিক পোস্টে রিলায়েন্স গোষ্ঠীকে নিশানা করেন ইলন মাস্ক। ২০২২ সালে প্রকাশিত আল জাজিরার একটি প্রতিবেদন শেয়ার করে তিনি দেখান কীভাবে রিলায়েন্স-অর্থপুষ্ট সংস্থা ফেসবুকে বিজেপির প্রচারে সহায়তা করেছিল। পাশাপাশি, ২০২৪ সালের একটি ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট উদ্ধৃত করে তিনি দেখান, রিলায়েন্সের সহযোগী সংস্থা ‘কুইক সাপ্লাই’ ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপিকে ৩৮৫ কোটি টাকা ও শিবসেনাকে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছিল।

এর আগেই মুকেশ আম্বানিকে ব্যঙ্গ করে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলে সম্বোধন করেছিলেন মাস্ক। তাঁর স্পষ্ট অভিযোগ, নিজেদের একচেটিয়া ব্যবসা ও একাধিপত্য ধরে রাখতেই ভারতের প্রভাবশালী শিল্পপতিরা দেশে স্টারলিঙ্কের প্রবেশ আটকাচ্ছেন। তাঁর দাবি, স্টারলিঙ্ক চালু হলে দেশের দুর্গম এলাকার পড়ুয়া ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হতেন। তবে এ বিষয়ে রিলায়েন্স এখনও নীরব থাকলেও, কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ভারতে কোনও ক্ষেত্রেই একচেটিয়া ব্যবসার সুযোগ নেই এবং গ্রাহক তাঁর পছন্দের পরিষেবা বেছে নেওয়ার ব্যাপারে স্বাধীন।