প্রধানমন্ত্রীর জন্মদিনে কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা! অন্নপূর্ণা যোজনায় নতুন করে যুক্ত হলেন আরও ১০ লক্ষ উপভোক্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘অন্নপূর্ণা দিবস’। এই বিশেষ দিনটি থেকেই শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা বন্টন। এবারের কিস্তিতে নতুন করে যুক্ত হওয়া প্রায় ১০ লক্ষ উপভোক্তা সহ মোট ১ কোটি ৫৬ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা করে জমা হতে চলেছে।

মহিলাদের আর্থিক স্বাবলম্বী করে তুলতে ২৫ থেকে ৬০ বছর বয়সিদের জন্য এই অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে। এর আগে এই প্রকল্পের মাধ্যমে ১ কোটি ৪৮ লক্ষ উপভোক্তা উপকৃত হয়েছেন। তবে এবার সেই সংখ্যা বেড়ে ১ কোটি ৫৬ লাখে পৌঁছেছে। বিজেপির মুখপাত্র অঙ্কন দত্তের তথ্য অনুযায়ী, আজকের বিশেষ দিনে নতুন ১০ লক্ষ নাম যুক্ত হওয়ার ফলে বহু গৃহবধূ এই আর্থিক সহায়তা পেতে চলেছেন।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রবর্তিত এই প্রকল্পের চতুর্থ কিস্তির টাকা বিতরণ শুরু হওয়ায় সাধারণ উপভোক্তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার ভিত্তিতেই সরাসরি এই অনুদানের টাকা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যা পুজোর আগে তাদের হাতে বাড়তি স্বস্তি জোগাবে বলেই মনে করা হচ্ছে।